ঢাকা |
প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬
শনিবার দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আজকে রোহিঙ্গারা প্রাণের ভয়ে নৌকায় করে পালাতে গিয়ে ডুবে মরছে। আমাদের পাড়ে তাদেরকে আসতে দিচ্ছে না।
“সরকারকে হয় মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলে এই মুসলমানদের হত্যা বন্ধ করতে হবে। আর যদি বন্ধ করাতে না পারেন, সাময়িকভাবে হলেও রোহিঙ্গাদের বাংলাদেশে স্থান দিয়ে একটা সমাধানের ব্যবস্থা করেন। আমরা আশা করি, সরকার মিয়ানমারের রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে।”
গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় ৯ সীমান্ত পুলিশের মৃত্যুর পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে সেনাবাহিনীর অভিযান শুরু হয়।
ওই অভিযানে শতাধিক মানুষের প্রাণ হারানোর খবর দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম; যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, রাখাইন অঞ্চলে সহস্রাধিক ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে নতুন করে সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামায় ‘উদ্বেগ’ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনেও বিষয়টি তুলে ধরেছেন।
রোহিঙ্গা সমস্যায় সরকারের উদ্বেগের প্রসঙ্গ টেনে খন্দকার মোশাররফ বলেন, “রোহিঙ্গা সমস্যার বিষয়ে কোনো কথা নাই, একটা বিবৃতি দিয়ে তারা খালাস। এটা হতে পারে না।”
নয়া পল্টনে মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভা হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব অতি কথা বলেন, নাটকের ভাষায় কথা বলেন। তিনি বলেছেন, আমরা না কি গণতন্ত্র হত্যা করেছি। কী রকম অবাস্তব কথা, একথা শুনে সাধারণ মানুষও হেসেছে।”
স্থানীয় সরকারের নানা নির্বাচনে কারচুপি, ভোটের বাক্স ছিনতাই করে আওয়ামী লীগই ‘গণতন্ত্র হত্যা’ করেছে দাবি করে তিনি বলেন, “বিএনপির রেকর্ড গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে নয় বছর আন্দোলন করে ১৯৯১ সালে ক্ষমতায় এসে দেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন।”
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেন খন্দকার মোশাররফ।
মহিলা দলের সিনিয়র সহসভাপতি নুরজাহান ইয়াসমীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।