জাবিতে মোটরসাইকেলের ট্যাংক বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯

জাবিতে মোটরসাইকেলের ট্যাংক বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকায় চতুর্থ শ্রেণির কর্মচারীদের কলোনিতে মোটরসাইকেলের তেলের ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের পরিচ্ছন্নতাকর্মী দীপালি রায় (৫৫), তার মেয়ে ও একটি শিশুসন্তান।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে সুইপার কোনোনির একটি বাসার নিচে রাখা মোটরসাইকেল বিস্ফোরিত হয়। সে সময় বাসায় অবস্থানরত দীপালি রায় দ্রুত নিচে নামতেই গায়ে গরম তেল ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক আনিসুর রহমান বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে কিছু লোক ১২ বছরের একটি মেয়েকে দগ্ধ অবস্থায় মেডিকেলে নিয়ে আসে। তার শরীরের অধিকাংশ জায়গায় চামড়ায় ফোস্কা পড়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের ড্রাইভার আরও দুজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসেন। তাদেরকে আর অ্যাম্বুলেন্স থেকে না নামিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এই সংবাদটি 511 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ