১৮৭ কোটি টাকা ব্যয়ে মহানন্দার তীরে রাবার ড্যাম হবে : পানিসম্পদ মন্ত্রী

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

১৮৭ কোটি টাকা ব্যয়ে মহানন্দার তীরে রাবার ড্যাম হবে : পানিসম্পদ মন্ত্রী

রাজশাহী বিভাগীয় চীফ :

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী খননের পরিকল্পনার কথা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী মো. আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ১৮৭ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন করা হবে। মহানন্দা নদীর তীরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়ায় সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই পরিকল্পনার কথা ব্যাক্ত করেন। বারোঘরিয়া নন্দন পার্কে আয়োজিত জনসভায় সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্নার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইনজীবি নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, পয়লা বৈশাখে দেশে কিছু একটা ঘটবে বলে অনেকে মনে করলেও আইন-শৃংখলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোন ঘটনায় ঘটেনি। তিনি আরো বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। আগামী নির্বাচনে যারা দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাবে, তাদের ভোট দিবেন। আর যারা দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে তাদের ভোট দিবেন না। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় একটি মহল ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের জবাব এদেশের জনগণ অবশ্যই দিবে। তিনি আরো বলেন, বর্তমান জোট সরকার দেশের উন্নয়নে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। যা আগামীতেও অব্যাহত থাকবে। আর তাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

এই সংবাদটি 434 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ