মে দিবসের মর্মবাণী : শ্রমিক-মালিক ঐক্য জানি

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

মে দিবসের মর্মবাণী : শ্রমিক-মালিক ঐক্য জানি

আকিদুল ইসলাম , ঢাকা:

আজ মহান মে দিবস। শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতির দিন। পৃথিবীর প্রায় সব দেশেই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ১৮৮৬ সালে আট ঘণ্টা শ্রম অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন এবং যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে গুলিতে কয়েক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ১ মে বিশ্বের সর্বত্র যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করা হয়। সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে শোষণের বিরুদ্ধে শ্রমজীবী মানুষ প্রথমে বিচ্ছিন্নভাবে এবং পরে সংঘবদ্ধ সংগ্রাম করে এসেছে। সংগ্রামের মাধ্যমে এক সময় পৃথিবী থেকে দাসপ্রথা বিলুপ্ত হলেও শ্রমিকদের কাজের কোনো ধরাবাঁধা কর্মঘণ্টা বা সময় ছিল না। উনিশ শতকের গোড়ায় কল-কারখানায় সপ্তাহের ৬ দিন গড়ে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টার বেশি অমানুষিক পরিশ্রম করতে হতো শ্রমিকদের। বিনিময়ে মিলত সামান্য কিছু মজুরি। অন্যান্য সুযোগ-সুবিধা, কোনো সামাজিক নিরাপত্তা ছিল না। এর বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে লড়াই শুরু হলেও তা বিরাট আকার ধারণ করে আমেরিকায়। বিশ্বের অন্যান্য দেশের মতো দিবসটি বাংলাদেশেও পালিত হচ্ছে। আজ সরকারি ছুটি। এ বছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য হল- ‘মে দিবসের মর্মবাণী শ্রমিক-মালিক ঐক্য জানি।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও টেলিভিশনে অনুষ্ঠান প্রচারিত হবে।

এই সংবাদটি 588 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ