গ্রেনেড হামলার ১৪ বছর

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮

গ্রেনেড হামলার ১৪ বছর

বহুল আলোচিত ২১ আগস্টের গ্রেনেড হামলার ১৪ বছর পূর্ণ হল এ মাসের ২১ তারিখ। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে চালানো ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিহত হন প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ দলের ২৪ নেতাকর্মী। আহত হন কয়েকশ’। মূলত তখনকার প্রধান বিরোধী দল আওয়ামী লীগের শীর্ষ নেতারাই ছিলেন গ্রেনেড হামলা পরিকল্পনাকারীদের টার্গেট। পৃথিবীতে এমন কলঙ্কজনক ঘটনার নজির খুব বেশি নেই বলেই আমাদের ধারণা। এতদিনে এ ঘৃণ্য ঘটনার নিষ্পত্তি হয়ে যাওয়া উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। মূলত এর পেছনে রয়েছে নানা স্বার্থবাদী অপচিন্তা। বিগত চারদলীয় জোট সরকারের শাসনামলে এ সংক্রান্ত মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হয়েছে নানাভাবে। ধামাচাপা দেয়ার চেষ্টা হয়েছে অনেক তথ্যও। জজ মিয়া নামের এক নিরীহ ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে মিথ্যা জবানবন্দি আদায় করে ঘটনার প্রকৃত কুশীলবদের আড়াল করার চেষ্টা করা হয়েছিল।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয় দফার তদন্তে বেরিয়ে এসেছে হামলার নীলনকশা। কিন্তু চার্জ গঠনের পর প্রায় সাড়ে ছয় বছর অতিক্রান্ত হলেও এ মামলার বিচার কাজ এখনও শেষ হয়নি। তবে আগামী মাসে মামলার রায় পাওয়া যাবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। আমরাও আশা করছি, সুষ্ঠু বিচারের মাধ্যমেই বেরিয়ে আসবে কারা ছিল পরিকল্পনাকারী, কারা অংশ নিয়েছিল হামলায়। গণতন্ত্রের স্বার্থেই রাজনীতি থেকে দূর করতে হবে অপশক্তি ও অপচিন্তা।

এই সংবাদটি 737 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ