চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, আটক-১

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭

চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, আটক-১


রাজশাহী বিভাগীয় চীফ :
পাবনা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান চাটমোহর ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে গত ২৫ মার্চ শনিবার এক দূষ্কৃতিকারীকে আটক করে চাটমোহর থানা পুলিশ। আটককৃত দূষ্কৃতিকারী হলো চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ রিপন হোসেন (৩৫)। চাটমোহর ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, মিথ্যা-বানোয়াট-কাল্পনিক তথ্য প্রচার ও শিক্ষক-শিক্ষিকাদের চরিত্রহরণের অভিযোগে পুলিশ কলেজ ক্যাম্পাস থেকে দূষ্কৃতিকারী রিপনকে আটক করে। এব্যাপারে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে দুই জনের বিরুদ্ধে মামলা (মামলা নং-১৭, তাং-২৫/০৩/২০১৭) করলে পুলিশ দুষ্কৃতিকারী রিপনকে রবিবার জেল হাজতে প্রেরণ করেছে। অপর আসামী রেজাউল করিম পলাশ পলাতক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অত্র কলেজের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের ছাত্রী মোছাঃ রাবেয়া খাতুন, কলেজের বিধি মোতাবেক ১৮/১২/২০১৬ তারিখে ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফরম পূরণ করে। কিন্তু ফরম পূরণের প্রায় দেড় মাস পরে গত ০১/০২/২০১৭ তারিখে ঐ ছাত্রীর স্বামী উপজেলার দোলং গ্রামের আব্দুর রহমানের ছেলে রিপন হোসেন (৩৪) ও মহেশপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে রেজাউল করিম পলাশ (৩৩) কিছু কুচত্রী মহলের প্ররোচনায় ছাত্রী রাবেয়া খাতুনকে দিয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফরম পূরণের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করে। সেই অভিযোগ সহকারী কমিশনার (ভুমি) এর কাছে তদন্তাধীন রয়েছে।
কিন্তু পরবর্তীতে উল্লেখিত রিপন হোসেন ও রেজাউল করিম পলাশ যোগসাজসে নিজ নামীয় ও ফেক আইডি (রেজাউল করিম পলাশ ও বিদ্রোহী আমি) ব্যবহার করে অধ্যক্ষসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও গভর্নিং বডির বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক তথ্য ফেসবুকে প্রকাশ করে। এমনকি ফেসবুকে কাল্পনিক কাহিনী প্রকাশ করে কলেজের দুইজন হিন্দু শিক্ষিকাসহ তিনজন শিক্ষিকার চরিত্র হননেরও চেষ্টা করে আসামীরা।
এ জাহারে আরো জানা যায়, অভিযুক্তরা অধ্যক্ষকে নানানভাবে পারিবারিক, সামাজিক ও শারীরিকভাবে হয়রানী ও ক্ষতির হুমকি দিয়ে আসছিল। এসব কাজে আসামীদের বাধা নিষেধ করলে গত ২৫ মার্চ শনিবার সকাল ১১-টার দিকে আসামী রিপন হোসেন কলেজ ক্যাম্পাসে গিয়ে অধ্যক্ষকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শণ করে। এঘটনায় অধ্যক্ষ গভর্নিং বডির সদস্যদের জানালে সভাপতি স্থানীয় এমপি’র নির্দেশে থানা পুলিশ কলেজ ক্যাম্পাস থেকে আসামী রিপনকে আটক করে। তবে অপর আসামী রেজাউল করিম পলাশকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ সকল ঘটনার পর ছাত্রী রাবেয়া তার এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্র না নিয়ে প্রবেশ পত্র দিচ্ছে না বলে নানান জায়গায় কলেজের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন কলেজ কর্তৃপক্ষ।
এ ঘটনায় চাটমোহর ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। শিক্ষকরা জানান, কলেজের সুষ্ঠু- স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চরম নোংরামী ও ষড়যন্ত্র চাটমোহরবাসী মেনে নিবে না। একটি স্বনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক কাহিনী প্রচার করে শিক্ষক-শিক্ষিকাদের চরিত্র হননকারীদের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে জড়িত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সকল শিক্ষক,কর্মচারী, শিক্ষার্থী ও সচেতন চাটমোহরবাসী।

এই সংবাদটি 880 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ