পাবনায় সুই দিয়ে খুঁচিয়ে শিশু নির্যাতনের প্রধান আসামীকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৭

পাবনায় সুই দিয়ে খুঁচিয়ে শিশু নির্যাতনের প্রধান আসামীকে কারাগারে প্রেরণ

রাজশাহী বিভাগীয় চীফ :

পাবনার চাটমোহর উপজেলার চিরইল গ্রামে মোবাইল চুরির অভিযোগে রাইদুল নামের ১২ বছরের এক শিশুকে বেধড়ক পিটিয়ে এবং শিশুটির শরীরের বিভিন্ন স্থানে বস্তা সেলাইয়ের সুই দিয়ে খুঁচিয়ে নির্যাতনের যন্ত্রনায় হাসপাতালের বেডে ছটফট করছে।  শনিবার সকালে এ নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী সাজেদুরকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অমানবিক নির্যাতনের শিকার রাইদুল চিরইল গ্রামের কামরুল হোসেনের ছেলে। এ ঘটনায় শিশুটির মা নাসিমা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর থেকে আসামীরা নানাভাবে হুমকি দিচ্ছে দরিদ্র পরিবারটিকে।

গতকাল রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অমানবিক নির্যাতনের শিকার শিশু রাইদুল নিথর ভাবে বেডে পড়ে আছে। ব্যাথায় নড়াচড়া করতে পারছে না। চোখেমুখে তার যেন আতংক কাটেনি। নির্মম নির্যাতনের বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।

পাশে বসা তার মা নাসিমা খাতুন বলেন, ছেলেকে উদ্ধার করতে গিয়ে তাদের হামলার শিকার হই আমিও। তারা প্রভাবশালী ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। বাড়ি ফিরলে আবার কি হয়। তারা নানা ভাবে হুমকি দিচ্ছে মামলা তলে নিয়ে। লোক পাঠিয়ে কিছু টাকা দিয়ে মিটমাট করতে বলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. স.ম. বায়েজীদ-উল- ইসলাম জানান, শিশুটি এখন একটু ভাল আছে। তবে সুস্থ হয়ে হতে আরো ক’দিন লাগবে। বিষয়টি অমানবিক বলেও তিনি উল্লেখ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ মিয়া জানান, ঘটনার দিনই মামলার প্রধান আসামী সাজেদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, পাশের বাড়ির মৃত পানাই সরদারের ছেলে আজিতের বাড়িতে শুক্রবার রাতে ঘরে সিঁদ কেটে মোবাইল চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনার পর আজিত, তার ছেলে সাজেদুর ও অন্য সহযোগীরা শনিবার সকালে রাইদুলদের বাড়িতে এসে মোবাইল চুরির অভিযোগ করে রাইদুল বেঁধে নির্মমভাবে পেটাতে থাকে। এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে বস্তা সেলাইয়ের সুই দিয়ে খুঁচিয়ে গুরুতর জখম করে। রাইদুলের চিৎকারে তার মা ছুটে আসলে তাকেও পেটায় আজিতের সহযোগীরা। পরে তারা শিশুটির মায়ের কাছ থেকে জোর করে মোবাইলের ক্ষতি পূরণ হিসেবে ১ হাজার ৫০০ টাকা আদায় করে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ একই গ্রামের আজিত হোসেনের ছেলে সাজেদুর রহমানকে গ্রেফতার করে।

এই সংবাদটি 696 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ