২৫ জুন লাল-সবুজের ট্রেন, ঢাকা-রাজশাহী রুটে যাত্রা শুরু

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

২৫ জুন লাল-সবুজের ট্রেন, ঢাকা-রাজশাহী রুটে যাত্রা শুরু

মোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
ভারত থেকে আমদানি করা ১২০টি যাত্রীবাহী রেল কোচের চালান সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছার পর, জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রংয়ের কোচগুলো প্রায় তিন মাস পরীক্ষা-নিরীক্ষা (পর্যবেক্ষণ) পরে। গত শনিবার রাত ১০টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ঈদ উপলক্ষে ঢাকা-রাজশাহী রুটে চলবে নতুন ও দ্রুতগতির এ ট্রেন। আগামী ২৫ জুন থেকে ট্রেনটি চলাচল শুরু করবে বলে জানা গেছে।
লাল-সবুজ রঙের ট্রেনটি দেখতে শনিবার রাতেই রাজশাহী রেলওয়ে স্টেশনে ভিড় করে উত্সুক জনতা। এ নিয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা। অনেকে প্রথমবার ট্রেনটিতে উঠে নিজেকে ফ্রেমে বন্দি করে নিয়েছেন।
ট্রেনটিতে রয়েছে অত্যাধুনিক আসন ব্যবস্থা, উন্নত টয়লেট, শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, স্পেশাল ক্যাবিনসহ নানা সুযোগ-সুবিধা। প্রতিটি বগিতে রয়েছে অগ্নিনির্বাপক ব্যবস্থা।
দর্শনার্থী আবু সালেহ বলেন, এই প্রথমবার বাংলাদেশের পতাকা সংবলিত একটি ট্রেন রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। আরও ভালো লাগবে যখন দূর থেকে দেখব লাল-সবুজের পতাকা ছুটে আসছে। আর সেই পতাকার ভেতর আমরা প্রবেশ করছি।
রাজশাহী কলেজের শিক্ষার্থী শামীম রেজা বলেন, এই মুহূর্তে অনেক আনন্দ লাগছে যে, আমরা এমন সুন্দর একটি ট্রেন উপহার পেলাম। এখন উদ্বোধনের অপেক্ষায় আছি। এ ট্রেনে ভ্রমণ আরও রোমাঞ্চকর হবে।
পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ জানায়, শুধু রাজশাহী নয়, দেশের অন্যান্য ব্রডগেজ লাইনেও চলাচল করবে লাল-সবুজে রাঙানো ট্রেন। এসব ট্রেন ভারত ও ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে। অর্থায়ন করছে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিপি) ও ভারত সরকার। বিশেষ এ ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
এ ছাড়াও রাজশাহী-ঢাকা রুটে বর্তমানে চলাচলকারী পদ্মা, ধূমকেতু ও সিল্কসিটি ট্রেনের সব কোচ পরিবর্তন করে দেওয়া হবে নতুন কোচ। এসব ট্রেনে কোচের সংখ্যা বাড়ানো হবে ১২টি পর্যন্ত। যার ফলে ট্রেনে যাত্রী বসার জন্য সিট সংখ্যা ৬০০-৭০০ থেকে বেড়ে দাঁড়াবে ১০০০-১২০০টিতে।
এদিকে রাজশাহী-ঢাকা রুটে নতুন বিরতিহীন ট্রেন চালু করা হবে বলে শনিবার নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এক্ষেত্রে বঙ্গবন্ধু সেতুর সীমাবদ্ধতার কথাও বলেন তিনি। এবার ঈদে বিশেষ ট্রেন চালুর জন্যও কাজ করা হচ্ছে বলে ওই স্ট্যাটাসে জানিয়েছেন মন্ত্রী।

এই সংবাদটি 967 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ