২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো মেয়র পদের লড়াই হচ্ছে দলীয় প্রতীকে

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫

২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো মেয়র পদের লড়াই হচ্ছে দলীয় প্রতীকে

এসব নির্বাচনী এলাকায় ভোটার রয়েছে ৭১ লাখ, যা দেশের মোট ভোটারের মাত্র সাড়ে ৭ শতাংশ। তবে ৭ বছর পর নৌকা-ধানের শীষের লড়াইয়ের আভাসে এই ভোট ইতোমধ্যে রাজনৈতিক ‘মর্যাদার’ লড়াইয়ে পরিণত হয়েছে।

শীতের কুয়াশার মধ্যে বুধবার সকাল ৮টায় এসব পৌর এলাকায় কেন্দ্রে কেন্দ্রে ভোট শুরু হয়েছে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের উপ সচিব মো. সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটের শুরুতে কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে নির্বাচন হওয়ায় কোথাও কোথাও উত্তেজনা হতে পারে, তবে তা আইন-শৃঙ্খলা বাহিনী দেখভাল করেছে। নির্বাচনের সার্বিক বিষয়ে কমিশনের মনিটরিং সেল তথ্য সংগ্রহ করছে।”

মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের তিন সহস্রাধিক পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১২ হাজারেরও বেশি প্রার্থী।

ঢাকার সাভার পৌরসভায় পাঁচ নম্বর ওয়ার্ডে বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা খন্দকার শওকত আলী জানান, তার কেন্দ্রে নির্ধারিত সময়েই ভোট শুরু হয়েছে। সব শান্তিপূর্ণভাবেই চলছে।

সকালে কুয়াশা আর শীতের মধ্যে এই কেন্দ্রের বাইরে খুব বেশি ভোটারকে লাইনে দাঁড়ানো দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা প্রকাশ করেন এই নির্বাচনী কর্মকর্তা।

আগের রাতে ঢাকার সাভার পৌরসভার রাজাসন এলাকার আল-হেরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার চেষ্টা করে একদল সন্ত্রাসী।

সকালে ভোট শুরুর আগেই অবৈধভাবে ব্যালটে সিল দেওয়ার ঘটনায় কুমিল্লার বরুড়া উপজেলার লতিফপুর এবং মাদারীপুরের কালকিনি উপজেলার কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন।

এই সংবাদটি 1035 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ