সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে মানববদ্ধন!

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬

সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে বিয়ানীবাজারে মানববদ্ধন!

মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজারঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু’র নির্মম হত্যাকণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের পিএইচজি হাই স্কুলের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে অংশগ্রহণ করে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র ছাত্রী। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণ জাগরণ মঞ্চ বিয়ানীবাজার এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন), দুর্নীতি প্রতিরোধ কমিটি বিয়ানীবাজার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিয়ানীবাজার সরকারী কলেজ, পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।
মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীরা বলেন, ‘তনু আমার বোন, আজ তনু’র সাথে অবিচার হয়েছে তার বিচার চাই। তা না হলে কাল যে আমার সাথে এ ধরনের ঘটনা ঘটবে তার কোনো নিশ্চয়তা আছে কি? প্রশাসন যদি অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডটির সুষ্টু বিচার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচী নিতে বাধ্য হব।’
মানববদ্ধনকারীরা আরো বলেন, ‘সরকার যদি তনু হত্যার বিচার নিয়ে টালবাহানা করে তাহলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে যদি জনগণ রাজপথে নামতে পারে তাহলে আমাদের বোনদের জন্য আমরা আরও বড় ধরনের কর্মসূচী নিয়ে রাস্তায় উপস্থিত হবো। ধর্ষক যে-ই হোক সে যদি সেনাবাহিনীর লোকও হয় সরকারকেই তা খোঁজে বের করতে হবে এবং তাকে কঠোর শাস্তি প্রদান করা হউক যাতে শাস্তি দেখে অন্য কোনো ধর্ষক আর এরকম কর্মকাণ্ড ঘটানোর পূর্বে শতবার চিন্তা করবে।’

এই সংবাদটি 636 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ