সিসি ক্যামেরার আওতায় আসছে ঈশ্বরদী শহর

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৭

সিসি ক্যামেরার আওতায় আসছে ঈশ্বরদী শহর

রাজশাহী বিভাগীয় চীফ :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নে ঈশ্বরদী শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) স্থাপন শুরু হয়েছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঈশ্বরদী শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে থানার শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা এগিয়ে এলে তাঁদের আর্থিক সহযোগিতায় এই ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।
সিসি ক্যামেরা স্থাপনে কারিগরি, প্রকৌশলগত ও লোকবল দিয়ে সহযোগিতা করছে ক্যাবল ব্যবসার প্রতিষ্ঠান আইসিএন (ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্ক) এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ঈশ্বরদী ব্রডব্যান্ড। এরই মধ্যে ঈশ্বরদী শহরের বাজার এলাকায় চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শেরসাহ রোড এলাকায় তিনটি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এর পরে পৌরসভা, থানা এলাকা,
আলহাজ্বমোড় সড়ক, উপজেলা ভবন, রূপপুর বিবিসি বাজার মোড় এলাকায় প্রাথমিকভাবে ২১টি সিসি ক্যামেরা বসানো হবে। পর্যায়ক্রমে গোটা শহরের গুরুত্বপূর্ণ সব কটি স্থানকেই সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু বলেন, এ বিষয়ে থানা পুলিশ উদ্যোগ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। আমরা ফাইবার অপটিক ক্যাবল দিয়ে সাপোর্ট দিচ্ছি। ঈশ্বরদী ব্রডব্যান্ড প্রকৌশলগত দিকসহ বিভিন্ন সহযোগিতা দিচ্ছে। কাজ চলছে। কয়েক দিনের মধ্যে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়ে যাবে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান,
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়। মূলত ব্যবসায়ীদের সমর্থন, অনুদান ও সহযোগিতাতেই সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে ঈশ্বরদী বাজার প্রধান ফটকে স্থাপন করা হয়েছে। এটি ভালোই কাজ করছে। আমরা সবকিছু দেখতে পারছি। পর্যায়ক্রমে সারা শহরেই সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

এই সংবাদটি 969 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ