সিলেট বিভাগে ৮৬ মেয়র ৬৮৬ কাউন্সিলর প্রার্থী : আওয়ামীলীগ বিএনপি জাপায় বিদ্রোহ

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫

numan-bin-arman1সিলেট বিভাগের ১৬ পৌরসভায় মেয়র পদে ৮৬ ও কাউন্সিলর পদে ৬৮৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে সাধারণ (পুরুষ) কাউন্সিলর ৬২৫ ও সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থী ১৬১ জন। সবচেয়ে বেশি মনোনয়ন দাখিল হয়েছে বিভাগের হবিগঞ্জ জেলায়। সবচেয়ে কম সিলেটে। ৮৬ মেয়রপ্রার্থীর মধ্যে পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন দু’জন নারী প্রার্থীও। মনোনয়ন দাখিলের শেষদিন বৃহস্পতিবার এসব তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশন থেকে পাওয়া ও আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, সিলেট জেলায় মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন ২৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৪ জন। সুনামগঞ্জে মেয়র পদে ১৩, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৪ জন, মৌলভীবাজারে মেয়র পদে ২৪, সাধারণ কাউন্সিলর পদে ১৪৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন, হবিগঞ্জে মেয়র পদে ২৬, সাধারণ কাউন্সিলর পদে ২১৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়রপ্রার্থীদের সিংহভাগই দলীয় মনোনয়ন পেয়েছেন। এছাড়াও কয়েকটি পৌরসভায় আওয়ামীলীগ, বিএনপি ও জাপায় মনোনয়ন বঞ্চিতরা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। বিএনপি জোটের শরীক দল খেলাফত মজলিসও পৃথকভাবে প্রার্থী দিয়েছে। নিবন্ধন বাতিল হওয়ায় মেয়র পদে প্রার্থী দিতে পারেনি জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলামী। তবে দলটির নেতারা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সিলেটের তিনটি পৌর সভায় মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া দলীয় প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন, জাসদ, ওয়ার্কার্স পার্টি, এনপিপি।

গোলাপগঞ্জ : আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু, বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী, জাতীয় পার্টি থেকে সোহেদ আহমদ ও খেলাফত মজলিসের আমিনুল ইসলাম আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই পৌর সভায় আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী। এছাড়া যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাবেল ও স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পৌরসভা নির্বাচনে রিটানিং অফিসার আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪২জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

কানাইঘাট : কানাইঘাট পৌরসভায় মেয়র পদে ১০জন, সাধারণ কাউন্সিলর ৪৪ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার কামাল আহমদ।
এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্তমান পৌর মেয়র লুৎফুর রহমান, বিএনপি থেকে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রহিম উদ্দিন ভরসা, জাতীয় পার্টি (জাপা) থেকে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল আহমদ, খেলাফত মজলিসের হাফিজ মো. ইসলাম উদ্দিন, জাসদ থেকে তাজ উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াত নেতা ওলিউল্লাহ, জাতীয় পার্টির সোহেল আমীন, নিজাম উদ্দিন, সিরাজুল ইসলাম ও সুলতান আহমদ।

জকিগঞ্জ : সীমান্তবর্তী এ পৌরসভায় মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর ৩২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার আল আমিন।
এ পৌরসভায় আওয়ামী লীগ থেকে মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বিএনপি থেকে পৌর বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল, জাতীয় পার্টি (জাপা) থেকে পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ও বর্তমান মেয়র আবদুল মালেক ফারুক, খেলাফত মজলিস থেকে জহুরুল হক, আল ইসলাহ থেকে কাজী হিফজুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ।

সুনামগঞ্জ
সুনামগঞ্জের চারটি মেয়র পদে ১৩, সাধারণ কাউন্সিলর ১৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ (সদর) পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের আয়ুব বখত জগলুল, বিএনপি’র শেরগুল আহমদ, স্বতন্ত্রপ্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান মউজদীনের ছোটভাই দেওয়ান গণিউল সালাদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংসদ সদস্য এডভোকেট শাহানা রব্বানীকে সঙ্গে নিয়ে আওয়ামীলীগ প্রার্থী আইয়ুব বখত জগলুলকে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজসহ শতাধিক নেতা কর্মী। শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা। এ নিয়ে নির্বাচন অফিস বিব্রতবোধ করে বলে জানা গেছে।

ছাতক : ছাতক পৌরসভায় মেয়র পদে আওয়ালীগের বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী, বিএনপি’র সামছুল ইসলাম সমছু, স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান ওয়াহিদুর রহমান মজনু মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন।

জগন্নাথপুর : জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে আ’লীগের সাবেক মেয়র হাজী আব্দুল মনাফ, বিএনপি’র সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি রাজু আহমদ ও স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন।

দিরাই : দিরাই পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের মোশারফ মিয়া, বিএনপি’র জেলা আহবায়ক নাছির চৌধুরীর ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, জাসদের মোজাম্মেল হক ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন।

মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার ৪টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জনসহ মোট ১৮০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মৌলভীবাজার : মৌলভীবাজার (সদর) পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের মো. ফজলুর রহমান, বিএনপির মো. অলিউর রহমান, ওয়ার্কার্স পার্টির সৌমিত্র দেব, খেলাফত মজলিসের সৈয়দ মুজাদ্দিদ আলী, ইসলামী আন্দোলনের মো. মোস্তফা কামাল ও এনপিপির সৈয়দ সুজাত আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পৌরসভায় ৯টি সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন।

কুলাউড়া : কুলাউড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের শফি আহমদ , বিএনপির কামাল উদ্দিন আহমদ, জাতীয় পার্টির মুহিবুর রহমান ও স্বতন্ত্র হিসেবে শফি আলম ইউনুস মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন জামা দিয়েছেন ৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন।

বড়লেখা : বড়লেখা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের আবুল ইমাম কামরান চৌধুরী, বিএনপির আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মীর মুজিব দলীয় প্রতীকে এবং স্বতন্ত্র হিসেবে খিজির আহমদ, মতিউর রহমান ইরাজ, আবদুন নূর ও এই জেলায় একমাত্র নারী মেয়রপ্রার্থী হিসেবে রায়না বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন।

কমলগঞ্জ : কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের জুয়েল আহমদ, বিএনপির আবু ইব্রাহীম জমশেদ, জাতীয় পার্টির রফিকুল ইসলাম, খেলাফত মজলিসের নজরুল ইসলাম এবং স্বতন্ত্র হিসেবে জাকারিয়া হাবিব, হাসিন আফরোজ ও মাসুক আহমদ মনোনয়ন জমা দিয়েছেন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন।

হবিগঞ্জ
হবিগঞ্জের ৫ পৌরসভায় মেয়র পদে ২৬ জন, কাউন্সিলর পদে ২১৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. সফিউল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন-

হবিগঞ্জ : হবিগঞ্জ (সদর) পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনীত প্রার্থী কারান্তরীণ পৌর মেয়র (সাময়িক বরখাস্ত) জি কে গউছ, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান, বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুর রশীদ এমরান ও ইসলাম তরফদার তনু, জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট শিবলী খায়ের, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আব্দুল কাইয়ূম এবং পিপলস পার্টির আব্দুল কাদির। এছাড়া কাউন্সিলর পদে ৫৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছালেক মিয়া, বিএনপির ফরিদ আহমেদ অলি, স্বতন্ত্র জালাল উদ্দিন রুমী, আব্দুর রকিব, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খালেদা বেগম, আতাউর রহমান মাসুক এবং বিএনপির বিদ্রোহী হাজী মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চুনারুঘাট : চুনারুঘাট পৌরসভায় আওয়ামী লীগের সাইফুল ইসলাম রুবেল, বিএনপির নাজিম উদ্দিন সামছু, স্বতন্ত্র খায়রুল গণি, সাহেব আলী মীর মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।

নবীগঞ্জ : নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের তোফাজ্জল ইসলাম চৌধুরী, বিএনপির ছাবির আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির (এরশাদ) মাহমুদ চৌধুরী, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম রানা এবং জোবায়ের আহমেদ চৌধুরী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মাধবপুর : মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হীরেন্দ্র লাল সাহা, বিএনপির হাবিবুর রহমান মানিক। এছাড়া কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। হবিগঞ্জের ৮ উপজেলায় ৬টি পৌরসভা রয়েছে। এর মধ্যে মামলাজনিত জটিলতায় আজমিরীগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

এই সংবাদটি 1281 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ