সিলেটে যুক্তরাজ্য যুবদল নেতা আনহার মিয়া গ্রেফতার

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

সিলেটে যুক্তরাজ্য যুবদল নেতা আনহার মিয়া গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটে আলোচিত এক হামলা মামলার দীর্ঘদিন পলাতক থাকা যুক্তরাজ্য যুবদল নেতা আনহার মিয়াকে (৩৮) অবশেষে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নকিখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনহার মিয়া বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের মৃত গয়াছ মিয়ার ছেলে। রাজনৈতিকভাবে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় আনহার মিয়া নিজ বাড়ি থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছিলেন। পরে নকিখালী এলাকায় পুলিশি তৎপরতায় তিনি ধরা পড়েন।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা নং জিআর–১০৫/২৩ অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়,
২০২৩ সালের ৩১ জুলাই বাদ আছর নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেনের ওপর আনহার মিয়া ও তার সহযোগীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেন।
তারা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন।
পরবর্তীতে আহতের ভাই আব্দুল মনাফ ওই বছরের ৩ আগস্ট আনহার মিয়াসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সালাম একই বছরের ৩১ অক্টোবর আদালতে ৮ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এরপর থেকেই আনহার মিয়া পলাতক ছিলেন।
বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন,
“আনহার মিয়া নামের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এই সংবাদটি 175 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ