সিলেটে পুলিশের কলার চেপে ধরায় আ.লীগ নেতা আটক

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১

সিলেটে পুলিশের কলার চেপে ধরায় আ.লীগ নেতা আটক

সিলেটের জৈন্তাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলাচলকারী কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) জব্ধ করেছিল পুলিশ। এগুলো ছাড়িয়ে নিতে এসে পুলিশ সদস্যের কলার চেপে ধরেন স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার ভাই ইসমাইল আলী। এ ঘটনায় পুলিশ ইসমাইল আলীকে আটক করে। পরে বুধবার রাত ১১টায় থানায় এসে ‘মুচলেকা’ দিয়ে ছাড়িয়ে নিয়ে যান তার বড় ভাই ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। এর আগে ওই দিন রাত সাড়ে ৮টায় ইসমাইলকে আটক করেছিল পুলিশ। ইসমাইল জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বৃহস্পতিবার বিকালে বলেন, ইজিবাইক নিয়ে ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছিল। পরে তার বড় ভাই (আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী) ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা থানায় এসে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এরপর আটক ব্যক্তিকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মুচলেকার বিষয়টি এড়িয়ে গিয়ে ওসি বলেন, সমাধান হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে মোবাইল বন্ধ করে দেন। ইউপি সদস্য ইসমাইল আলী পুলিশ সদস্যের কলার চেপে ধরার বিষয়টি অস্বীকার করে বলেন, ট্রাফিক পুলিশের সঙ্গে সামান্য কথাকাটাকাটি হয়েছে।

এই সংবাদটি 526 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ