সাংবাদিকদের সাথে মতবিনিময় :কেমুসাস বইমেলা সফল করতে সহযোগিতা কামনা

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

সাংবাদিকদের সাথে মতবিনিময় :কেমুসাস বইমেলা সফল করতে সহযোগিতা কামনা

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের দশম বইমেলা সফলের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের অফিসকক্ষে বইমেলা উপকমিটির আহবায়ক আ ন ম শফিকুল হকের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্য পাঠ করেন বইমেলা উপকমিটির সদস্য সচিব সৈয়দ মবনু। সভায় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, কেমুসাসের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক ব্যুরো প্রধান সেলিম আউয়াল, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি ওয়েছ খসরু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল, বইমেলা উপকমিটির সদস্য মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট ও কেমুসাসের অর্থ সম্পাদক আব্দুস সাদেক লিপন।
সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে বইমেলা উপকমিটির সদস্য সচিব সৈয়দ মবনু বলেন, মার্চ হলো আমাদের জাতীয় ইতিহাসের একটি মর্মান্তিক মাস। এই মাসের পঁচিশ তারিখে ইয়াহইয়া-ভুট্টোর বাহিনী বাংলায় গণহত্যা শুরু করেছিলো। দীর্ঘ নয় মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের সর্বস্তরের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলো। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে ২০০০ খ্রিস্টাব্দ থেকে বইমেলার আয়োজন করে আসছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ। সেই ধারাবহিকতায় আগামি ২০ থেকে ২৯ মার্চ অনুষ্ঠিত হচ্ছে দশম বইমেলা। তিনি বলেন, মননশীল সমাজ গঠনে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। বই পড়ার প্রতি সর্বস্তরের মানুষকে আগ্রহী করে তুলতে আমরা বইমেলা আয়োজনের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করি। বইমেলাকে শুধু বইবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমেও পরিণত করতে আমরা বইমেলায় চিত্রাঙ্কন, আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা, বিতর্ক ও হাতের লেখা প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছি। বইমেলা সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেন, কেমুসাসের বিগত নয়টি বইমেলাতেই আমার আসার সুযোগ হয়েছে। এখানে একটি জাকজমকপূর্ণ বইমেলা হয়। আশা করি এবারের দশম বইমেলাও সফল হবে। তিনি মেলা সফলে সাংবাদিকদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ^াস দেন। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম বলেন, একদিন ঢাকায়ও ক্ষুদ্রভাবে বইমেলা শুরু হয়েছিলো। সময়ের ব্যবধানে তা আজ বিশাল আকার ধারন করেছে। কেমুসাস বইমেলাও ধীরে ধীরে সেই রূপ ধারন করবে বলে আমি বিশ^াস করি। তিনি সাংবাদিকদের পক্ষ থেকে সহযোগিতার কথা বলেন। সভাপতির বক্তব্যে আ ন ম শফিকুল হক বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে কেমুসাস বইমেলা তার লক্ষ্য অর্জনের পাশাপাশি আরো সমৃদ্ধ হবে বলে আমি আশা করি।
সভায় গ্রুপ আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আবুবকর সিদ্দিক, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার ফায়যুর রাহমান, দৈনিক প্রভাতবেলার স্টাফ রিপোর্টার ইকবাল হাসান জাহিদ, দৈনিক সকালের খবরের এইচ এম শহীদুল ইসলাম, সময়চিত্র ডটকমের সম্পাদক ফয়জুল হক শিমুল, আজকের সিলেট ডটকমের সাইফুর রহমান তালুকদার, চৌহাট্টা সম্পাদক নাওয়াজ মারজান ও চৈত্রিকা সম্পাদক সাইয়্যিদ মুজাদ্দিদ।

এই সংবাদটি 625 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ