সম্পাদকীয়: প্রসঙ্গ : ইউপি নিরবাচন

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জুন ৫, ২০১৬

সম্পাদকীয়: প্রসঙ্গ : ইউপি নিরবাচন

সহিংসতা, প্রাণহানি ইত্যাদির মধে অনুষ্ঠিত দেশের নবম এবং দলীয় প্রতীকের প্রথম ইউপি নির্বাচনে। প্রাণহানি আর বিনা ভোটে নির্বাচিত হওয়া গত ২২ মার্চ রাতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারাসহ নানা অনিয়মের মধ্য দিয়ে শুরু হয়েছিল তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকারের এই নির্বাচন। গতকাল শনিবার নির্বাচনের শেষ ধাপেও প্রাণহানি এড়ানো যায়নি। কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মও বহাল ছিল। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেছেন, শেষ ধাপে রাতে সিল মারার কোনো ঘটনা ঘটেনি। গতকাল ভোট শেষে তিনি বলেছেন, ‘কিছু কিছু কেন্দ্রে অনিয়ম ও সংঘাতের ঘটনা ঘটেছে এবং প্রাণহানিও হয়েছে। এ ধরনের ঘটনা মোটেও কাঙ্ক্ষিত নয়। নির্বাচনী সংঘর্ষে নিহতদের জন্য কমিশন গভীর শোক প্রকাশ করছে এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।’

১৯৭৩ সালে দেশে প্রথমবারের মতো ইউপি নির্বাচন হয় ওই বছরের ১৯ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৯৭৭ সালের ১৩ থেকে ৩১ জানুয়ারি, ১৯৮৩ সালের ২৭ ডিসেম্বর, ১৯৮৮ সালের ১০ ফেব্রুয়ারি, ১৯৯২ সালের ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি, ১৯৯৭ সালের ১ থেকে ৩১ ডিসেম্বর, ২০০৩ সালের ২৫ জানুয়ারি থেকে ১৬ মার্চ এবং ২০১১ সালের নির্বাচন হয় ২৯ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত দুই পর্যায়ে।

এবারের এই নির্বাচনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১২ জন। এত প্রাণহানি আগের কোনো নির্বাচনে ঘটেনি। নির্বাচন কর্মকর্তারা বলছেন, এই নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা, তা আরো কিছুদিন বহাল থাকবে। রোজার পর জুলাইয়ে ভোট স্থগিত রাখা ইউপিগুলোতে আবারও ভোট হবে। বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট ইউপিগুলোতেও ভোট হবে। সে ক্ষেত্রে পরিস্থিতি না পাল্টালে প্রাণহানির সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য, ২০০৩ সালের ইউপি নির্বাচনে সারা দেশে ৯৯ জনের প্রাণহানি ঘটে বলে সংবাদপত্রে উল্লেখ করা হয়। কিন্তু কমিশন তাদের মাঠপর্যায়ের কর্মকর্তাদের তথ্য থেকে জানতে পারে, ওই নির্বাচনে ৮৩ জনের প্রাণক্ষয় হয় এবং কমিশনের দাবি, সংবাদপত্রে উল্লিখিত অতিরিক্ত ১৬ জন নিহতের মধ্যে ৯টি নির্বাচনসংশ্লিষ্ট ছিল না আর চারজন নিহতের ঠিকানা শনাক্ত করা যায়নি এবং তিনজন তখনো জীবিত ছিলেন। ওই নির্বাচনে দায়িত্বরত অবস্থায় একজন ম্যাজিস্ট্রেট ও একজন পুলিশ সদস্যসহ চারজন নির্বাচনী কর্মকর্তার মৃত্যু হয় এবং আহত হন পাঁচজন নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কমিশন মারা যাওয়া এসব কর্মকর্তার পরিবারকে এক লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে অনুদান দেয়।

এর আগের নির্বাচনগুলোর মধ্যে ১৯৮৮ সালে নিহতের সংখ্যা ৮০ ও আহতের সংখ্যা ৪৭৬ বলে সরকারি সূত্রে উল্লেখ করা হয়। অন্যদিকে পত্রপত্রিকায় আহতের সংখ্যা পাঁচ সহাস্রাধিক বলে জানানো হয়। ওই সময় নির্বাচনোত্তর সহিংসতা বেড়েই চলে এবং হতাহতের সংখ্যা বাড়তে থাকে। তৎকালীন রাষ্ট্রপতি ১৯৮৮ সালের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এসব তথ্য নির্বাচন কমিশন প্রকাশিত ২০০৩ সালের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১১ সালের নির্বাচনে কমিশন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি এবং ওই নির্বাচন সম্পর্কে কোনো তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা দিতে পারছেন না। তবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ডেমক্রেসিওয়াচের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্য হিসেবে ওই বছরের ৬ মে থেকে ২০ জুন পর্যন্ত নির্বাচনী সহিংসতায় ২৭ জন নিহত হয়। আহত হয় ৪৩৬ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয় ১৫ জন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ২২ মার্চ থেকে শুরু করে গতকাল পর্যন্ত ছয় ধাপে মোট চার হাজার ৮৪টি ইউপিতে ভোটগ্রহণের আয়োজন করে। প্রথম ধাপে ৭১২, দ্বিতীয় ধাপে ৬৩৯, তৃতীয় ধাপে ৬১৫, চতুর্থ ধাপে ৭০৩, পঞ্চম ধাপে ৭১৭ এবং ষষ্ঠ ধাপে ৬৯৮ ইউপিতে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়। এসব ইউপির মধ্যে অনিয়ম ও সহিংসতার কারণে কিছু ইউপির নির্বাচন আংশিক বা সম্পূর্ণ বাতিল বা স্থগিত করা হয়। প্রথম পাঁচ ধাপের পুরোপুরি নির্বাচন সম্পন্ন হয় তিন হাজার ৩৯৩টি ইউপির। এর মধ্যে ফল প্রকাশ হয়েছে তিন হাজার ৩১৯ট ইউপির। বাকি ৭৫টি ইউপিতে বন্ধ ঘোষিত কেন্দ্রগুলোতে আবারও ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এই পাঁচ ধাপে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন দুই হাজার ২৬৪টি ইউপিতে। এ দলের প্রার্থীরা প্রথম পাঁচ ধাপে ১৯১টি ইউপিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ষষ্ঠ ধাপে আরো ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। আগের পাঁচ ধাপে বিএনপি জয় পেয়েছে ৩০৫টিতে। এ ছাড়া অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি ৪২টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাতটি, জাতীয় পার্টি (জেপি) তিনটি, ওয়ার্কার্স পার্টি তিনটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুটি, জাকের পার্টি একটি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি ইউপিতে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৬৯০টি ইউপিতে। এই স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

এই সংবাদটি 1033 বার পঠিত হয়েছে