সকল প্রস্তুতি সম্পন্ন কাল নির্বাচন

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

সকল প্রস্তুতি সম্পন্ন  কাল নির্বাচন

ফয়জুল হক শিমুল : হজরত শাহজালাল (র:) ও শাহপরান (র:)’র স্মৃতি বিজড়িত দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট।
আগামীকাল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। জাতীয় নির্বাচনের ছয়মাস আগে অনুষ্ঠিত এই সিটির নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

গত ১৫ মে খুলনা সিটি নিয়ে কিছুটা অস্বস্তিতে থাকা নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে মোতায়ন করা হচ্ছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থানে টহল দিতে শুরু করেছে বিজিবি। ভোটে কোন ধরণের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
সিলেট সিটি নির্বাচনে সর্বশক্তি নিয়ে শনিবার শেষ দিনের প্রচারণা চালিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রচারণার গতকাল শেষ দিনে ছিলো উৎসব মুখর পরিবেশে। প্রার্থীদের কর্মী সমর্থকদের প্রচার প্রচারণায় মিছিল আর শ্লোগানে নিজ নিজ এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রচারণা শেষে ফলাফল বিশ্লেষণে ব্যস্ত প্রার্থী, ভোটার ও প্রার্থীর সমর্থকরা।
আজ রোববার দুপুর থেকেই ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।

সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার আলিমুজ্জামান জানান, শনিবার রাত ১২টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর নজরদারি করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন রোববার থেকে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১২ হাজার নিরাপত্তা কর্মী মাঠে থাকবে।

এই সংবাদটি 719 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ