শাপলা বিলের রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

শাপলা বিলের রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শাপলা বিল এলাকার রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হাওর অঞ্চলের এই সড়কটি প্রতি বর্ষায় বৃষ্টির পানিতে তলিয়ে যায়। কিন্তু রাস্তা উঁচু করার পরিবর্তে পাকা করার নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার উচ্চতা আরও নিচু করেছে, যা এলাকাবাসীর কাছে দুঃখজনক ও উদ্বেগজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে আড়াই থেকে তিন ফুট গভীর পর্যন্ত মাটি খনন করা হয়। এতে স্থানীয়রা ধারণা করেছিলেন, রাস্তা আরসিসি ঢালাই করা হবে। কিন্তু পরে দেখা যায়, গর্তের অর্ধেকেরও কম অংশ পাথর ও বালু দিয়ে ভরাট করে কেবল কার্পেটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে রাস্তার ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তা যদি সব সময় পানির নিচে থাকে, তবে এভাবে কার্পেটিং করে লাভ কী? আমাদের মনে হচ্ছে, উন্নয়নের নামে সরকারি টাকার অপচয়ই চলছে।”
শাপলা বিল সিলেটের অন্যতম দর্শনীয় স্থান। শীতের মৌসুমে দেশ ও বিদেশ থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু পর্যটক এখানে ভিড় জমান প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এলাকাবাসীর মতে, এই অঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নত হলে পর্যটন সুবিধা যেমন বাড়বে, তেমনি দেশের অর্থনীতি ও স্থানীয় জনজীবন—দুটোরই কল্যাণ সাধিত হবে।
তবে বর্তমানে চলমান রাস্তা নির্মাণে অনিয়মের কারণে এ সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
তারা সিলেট জেলার মাননীয় জেলা প্রশাসক (DC Sylhet) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সরকারি অর্থের অপচয় এবং জনদুর্ভোগ আরও বাড়বে।

এই সংবাদটি 564 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ