লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে দু’শতাধিক গ্রাম লন্ডভন্ড

প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

গাছ চাপা পড়ে আহত-৫০ * হাজার হাজার পরিবার খোলা আকাশের নিচে

মোঃ মাহমুুদুন্নুবী রনি ॥ লালমনিরহাট প্রতিনিধি ॥
কালবৈশাখী ঝড়ের ছোবলে শুক্রবার রাতে লালমনিরহাটের দু’শতাধিক গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্থ হাজার হাজার পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। ঝড়ের ছোবলে গাছ ও ঘর চাপা পড়ে শিশুসহ অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎতের পোল উপরে পড়ায় জেলার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎ লাইন মেরামত করতে পারেনি কর্তৃপক্ষ। শুক্রবার রাত সাড়ে ৯টায় উত্তর-পশ্চিম কোন থেকে বয়ে আসা কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের ৫টি উপজেলার দু’শতাধিক গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া গাছ পালা, ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী আধা-সরকারী প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। দফায় দফায় এ ঝড়ে মানুষ আতংকিত হয়ে ছোটাছুটি করতে থাকে, তাৎক্ষনিক এলাকার বাড়ীঘর লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্র জানায়, ঝড়ে উঠতি ইরি বোরো, ভূট্টা ক্ষেত ও মৌসুমী ফল আমের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ঝড়ের সাথে শিলা বৃষ্টির কারণে ইরি বোরো ধান ক্ষেতের মধ্যে পড়ে যাওয়ায় কৃষকরা দিশাহারা হয়ে পড়েছে। ঝড় কবলিত গ্রাম ও এলাকায় ঘুরে দেখা গেছে, টিনসেট, আধা-পাকা ও কাঁচা ঘরবাড়ী গুলোর চালা উড়ে গিয়ে এবং ঘরের উপর বড় বড় গাছ চাপা পড়ে পাটগ্রামে ৩জন, হাতীবান্ধার গড্ডিমারী চড়ে ৬জন, কালিগঞ্জের শৈলমারীর চর ও ভোটমারী এলাকায় ৮জন, আদিতমারী উপজেরার তিস্তার চরবর্তী এলাকায় ১০জন ও সদর উপজেলার বিভিন্ন স্থানে শিশু ২৩জনসহ অর্ধশতাধিক আহত হয়েছে। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সন্ধা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ছিল। ফলে সকাল থেকে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকায় অভাবনীয় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অপরদিকে সড়ক ও মহাসড়ক গুলোতে ঝড়ে গাছ উপরে পড়ায় শনিবার দুপুর পর্যন্ত জেলার সাথে উপজেলা এবং রাজধানীর সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। ফলে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ কখন স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেনি লালমনিরহাট বিদ্যুৎ বিভাগ। লালমনিরহাট জেলা ত্রান ও পুর্ণবাসন কর্মকর্তা ইদ্রিস আলী জানান ক্ষতিগ্রস্থের মাঝে প্রাথমিক ভাবে জি আর হিসাবে চাল ও টাকা বিতরণ করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান ক্ষতি এলাকা পরিদর্শন করেছেন।

এই সংবাদটি 770 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ