রিলিজিয়াস স্পিরিট নয় অ্যাডভেঞ্চার থেকেই জঙ্গি হামলা —নিশা দেশাই

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৬

রিলিজিয়াস স্পিরিট নয় অ্যাডভেঞ্চার থেকেই জঙ্গি হামলা —নিশা দেশাই

গতকাল সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সাক্ষাৎ করেন ছবি -বাসস

  • সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক রিপোর্টার : তিন দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিনে টানা কর্মসূচি পালন করেন বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকসহ দিনভর তিনি ব্যস্ত সময় কাটান। তিনি জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবধরনের সহায়তার প্রস্তাব দিয়ে বলেছেন, রিলিজিয়াস স্পিরিট থেকে নয়, অ্যাডভেঞ্চার থেকেই জঙ্গিরা এসব হামলা চালায়। আর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি বলেছেন, ‘জঙ্গিদের কোনোভাবেই জয়ী হতে দেয়া হবে না। জঙ্গি দমনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। সন্ত্রাস দমনে বাংলাদেশকে সবধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এক সঙ্গে কাজ করার প্রস্তাব দেন নিশা দেশাই।

গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের গুলশানের বাসভবনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াভিত্তিক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বৈঠক শেষে বেলা ১১টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে বৈঠক করেন। বিকেল সোয়া ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক শেষে বিকেলে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন সহকারী এই পররাষ্ট্রমন্ত্রী।

তিন দিনের ঢাকা সফরের প্রথম দিনে রোববার নিশা দেশাই প্রথমে পররাষ্ট্রসচিবের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তিনি রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন।

বাংলামেইল টুয়েন্টিফোর ডটকমের সংবাদে বলা হয়, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেয়ার আগ্রহ প্রকাশ করে ঢাকায় সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াভিত্তিক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, ‘রিলিজিয়াস স্পিরিট থেকে নয়, অ্যাডভেঞ্চার থেকেই জঙ্গিরা এসব হামলা চালায়।’

গতকাল সোমবার বিকেলে গণভবনে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের পক্ষে সহায়তার এই প্রস্তাব দেয়ার সময় নিশা এমন কথা বলেন। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে কারিগরি ও প্রশিক্ষণবিষয়ক সহযোগিতা দিতেও যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান তিনি।

বিসওয়াল বলেন, ‘এ ধরনের সন্ত্রাস যেকোনো দেশের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে আমরা এক সঙ্গে কাজ করতে চাই।’

বিকেল ৫টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা এ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন নিশা দেশাই। এ সময় জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশকে সবধরনের সহযোগিতা দেয়ার প্রস্তাব দেন তিনি।’

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিজেই সন্ত্রাসী হামলার শিকার। বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে কয়েক দফা সন্ত্রাসী হামলার শিকার হয়েছি। সরকার সন্ত্রাসবাদ নিয়ে সচেতন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

মানবাধিকার কমিশনগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানবাধিকার সংগঠনগুলো কেউ নিখোঁজ হলেই সরকারের ওপর দোষ চাপাতে চায়। বিষয়গুলো খতিয়ে না দেখেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষারোপ করে তারা।’

বৈঠকের সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকার্ট প্রমুখ উপস্থিত ছিলেন।

‘জঙ্গিদের কোনোভাবেই জয়ী হতে দেয়া হবে না’

গতকাল সোমবার বিকেল সোয়া ৪টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, ‘জঙ্গিদের কোনোভাবেই জয়ী হতে দেয়া হবে না। জঙ্গি দমনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে।’

নিশা দেশাই বলেন, ‘সন্ত্রাস দমনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।’ জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এক সঙ্গে কাজ করার প্রস্তাব দেন নিশা দেশাই।

তিনি বলেন, ‘গণতন্ত্র, সহিষ্ণুতা ও সকলের মিলেমিশে চলার সম্মিলিত মূল্যবোধের ওপর ভিত্তি করে আমাদের যে দীর্ঘ গভীর অংশীদারিত্ব রয়েছে এই প্রস্তাব তার ধারাবাহিতকার অংশ। বাংলাদেশের সঙ্গে এই ব্যাপকভিত্তিক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবব্ধ।’

নিশা বলেন, ‘আমাদের এই অংশীদারিত্বে যে কোনো দেশ অংশ নিয়ে সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতা করতে পারে।’

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, বৈঠকে জঙ্গি দমন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। প্রয়োজন অনুযায়ী সহযোগিতা চাওয়া হবে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, আমরা যে ধরনের সহযোগিতা চাইবো সবধরনের সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র রাজি। এখন আমরা যাছাই-বাছাই করে দেখব আমাদের কী ধরনের সহযোগিতা প্রয়োজন।’

এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে প্রথমে বিকেল সোয়া ৩টায় দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।

স্বরাষ্ট্রমন্ত্রী ও নিশা দেশাই ছাড়াও বৈঠকে ডিএমপি কমিনার আছাদুজ্জামান মিয়া, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহেমদ, কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সন্ত্রাসবাদ দমনে সক্ষমতা অর্জনে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী কী সহযোগিতা লাগবে তার সম্ভাব্য ক্ষেত্রগুলো যাচাই করা হবে বলে জানান।

এই সংবাদটি 855 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ