রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা

প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫

রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা

স্প্যানিশ কোপা ডেল রেতে নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামিয়ে বহিস্কার হয়েছে রিয়াল মাদ্রিদ। তার একদিন বাদেই আজ মাঠে নামছে তারা। স্প্যানিশ লা লিগার ম্যাচে আজ রিয়ালের প্রতিপক্ষ গেটাফে। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। একই দিনে মাঠে নামছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। বাংলাদেশ সময় রাত ১.৩০টায় শুরু হবে ম্যাচটি। দুটো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে সনি কিক্স।

স্প্যানিশ কোপা ডেল রে থেকে বহিস্কার হওয়ার পর এই প্রথম মাঠে নামতে যাচ্ছে রাফায়েল বেনিতেজের দল। কোপা ডেল রের বিতর্ক পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চায় তারা। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী বার্সেলোনা তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়।

শক্তিমত্তায় বার্সেলোনার চেয়ে বেশ পিছিয়ে ভ্যালেন্সিয়া। বার্সেলোনার সঙ্গে সবশেষ ৫ বারের মুখোমুখি লড়াইয়ে মাত্র ১ বার জয় পেয়েছে তারা। তবে ঘরের মাঠে খেলা হওয়ায় তারা কিছুটা সুবিধা পাবে। সেই সুবিধা বার্সার বিপক্ষে জয় পাওয়ার জন্য যথেষ্ট কিনা সেটা প্রমাণ করার বিষয়।

এদিকে রিয়ালের সময়টা ভালো যাচ্ছে না। তার উপর গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট থেকে বহিস্কার হয়েছে তারা। তাই গেটাফের বিপক্ষে ম্যাচটি নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। নিজেদের ঘরের মাঠের এই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত রিয়াল।

গেটাফের বিপক্ষে সবশেষ ৫ বারের মুখোমুখি লড়াইয়ে ৫টিতেই জিতেছে রিয়াল। আজও জয় ভিন্ন অন্যকিছু চিন্তা করছে না তারা।

এই সংবাদটি 1288 বার পঠিত হয়েছে