ঢাকা |
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
নদীর কোলে এপাশে পানি, ওপাশেও পানি। মাঝখানে ছোট্ট একখণ্ড চর। স্থানীয়রা মাত্র শ’দুয়েক গজের সেই চরটির নাম দিয়েছেন ‘ছেঁড়াদ্বীপ’। সেই দ্বীপে খুঁটি পুঁতে ঠিক নৌকার আদলে টাঙানো হয়েছে কালো কাপড়। দেখে মনে হচ্ছে, নদীর কিনারায় বিশালাকার একটি নৌকা দাঁড়িয়ে রয়েছে।
আর এ ‘নৌকার’ ওপরেই চলছে বর্ষবরণের প্রস্তুতি। সে ‘নৌকায়’ যেতে পানির ওপরে নির্মিত হয়েছে একটি অস্থায়ী সেতু। ‘নৌকার’ ওপরে একটি ঘর করা হচ্ছে, যা দেখে মনে হচ্ছে টাপর তুলেছে নৌকা। সেখানেই চলবে বাংলা নববর্ষের সাত দিনের অনুষ্ঠানমালা।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে এমনই ভিন্ন আয়োজন করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মানুষ। উপজেলা সদরে গোদাগাড়ী মডেল থানার সামনেই পদ্মা নদীর পাড়ে এ বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, বৈশাখী মেলার আয়োজন করতে ছেঁড়াদ্বীপটি সাজানো হচ্ছে বর্ণিল সাজে। তৈরি করা হয়েছে ছোটবড় বিভিন্ন আকারের মঞ্চ। লাগানো হয়েছে ভিন্ন ভিন্ন রঙের বাতি। সন্ধ্যার পর এ এলাকাটি দেখার জন্য ভিড় করছেন মানুষ। আলোকিত হয়ে উঠেছে পুরো পদ্মার চর। সেখানে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। তা এখন থেকেই দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
মেলা প্রাঙ্গণেই পাওয়া গেল আয়োজকদের। আয়োজন কমিটির সভাপতি রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ রবিউল আলম। তিনি জানালেন, সর্বশেষ ২০০০ সালে গোদাগাড়ীতে বৈশাখী উৎসব হয়েছিল। তাই অনেক দিন ধরেই তারা ভাবছিলেন এমন আয়োজন করার। এবার অনেক দিনের প্রস্তুতি নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটিতে রয়েছেন বিভিন্ন স্তরের ১০১ জন ব্যক্তি। সবার আর্থিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হচ্ছে।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর আলী বলেন, সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলার প্রবেশ পথ খোলা থাকবে। বৈশাখী মেলায় খাবার ও মনোহারী সামগ্রীর দোকান ছাড়াও ছোটবড় সবার জন্য মিনি সার্কাস, মিউজিক শো, নাগর দোলা, ট্রেন, মোটরসাইকেল খেলা, র্যা ফেল ড্রর ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলায় নির্মিত মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পদ্মায় ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের নৌকা রয়েছে।
মেলা উদ্বোধনের দিন নৌকাবাইচ ও হাডুডু খেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বৈশাখী মেলার ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রথমবারের মত পদ্মা নদীর দ্বীপে অনুষ্ঠিত বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। আর প্রতিদিন অনুষ্ঠানের অতিথিদের আশ্রয় ও আপ্যায়নের ব্যবস্থা করা হবে ছেঁড়াদ্বীপের ওই নৌকায়।
এ মেলা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ বলেন, বৈশাখের উৎসব পালন হবে সুশৃঙ্খল ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে। আর এ জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আর স্থানীয়দের উদ্যোগে পদ্মাপাড়ে যে মেলার আয়োজন করা হচ্ছে, সেখানে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। থানার সামনেই এ আয়োজন হওয়ায় সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।