ঢাকা |
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ:
রাজশাহীতে সড়কে চলাচলের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে এ পর্যন্ত নিবন্ধন নিয়েছে ৬ হাজার ১৩৮টি যানবাহন। যার মধ্যে ফিটনেস সনদ নবায়ন করা হয়েছে মাত্র ১ হাজার ৯৭১টির। রাজশাহীর সড়কে চলাচলকারী ৬৭ শতাংশ যানবাহনের ফিটনেস সনদ নবায়ন করা হয়নি।
বিআরটিএর কর্মকর্তারা বলছেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে তাঁরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। কিন্তু এতে সমাধান হয় না। যানবাহনের মালিকেরা জরিমানার টাকা পরিশোধ করলেও ফিটনেস সনদ নবায়ন করেন না।
বিআরটিএ রাজশাহী সার্কেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজশাহীর সড়কে চলাচলের জন্য নিবন্ধন নেওয়া যানবাহনের মধ্যে বাস ৩৪৩টি, মিনিবাস ৫৭৬, মাইক্রোবাস ৪০৭, কার ৯১৮, জিপ ২৯০, অটোটেম্পো ৪৪৩, অটোরিকশা ৫১৮, ট্রাক ও ট্যাংকলরি ১ হাজার ৯৫, মিনি ট্রাক ১২০, ট্রাক্টর ৪২৮, পিকআপ ২৬৩, হিউম্যান হলার ২৬৬, অ্যাম্বুলেন্স ৩৩ এবং অন্যান্য যানবাহন ৪৩৮টি। এ ছাড়া মোটরসাইকেল রয়েছে ৭১ হাজার ২১২টি। বিআরটিএর নিয়ম অনুযায়ী, মোটরসাইকেল বাদে বাকি যানবাহন রাস্তায় চলাচলের জন্য নিয়মিত ফিটনেস সনদ নিতে হয়। গত অর্থবছরে রাজশাহী বিআরটিএ থেকে ফিটনেস লাইসেন্স গ্রহণ করেছে ১ হাজার ৯৭১টি যান। বাকি যানবাহন সনদ গ্রহণ করেনি। তবে কোন ধরনের কয়টি যান ফিটনেস সনদ গ্রহণ করেছে, সে তথ্য পাওয়া যায়নি।
বিআরটিএ রাজশাহী কার্যালয়ের এক কর্মকর্তা জানান, নিবন্ধিত যানবাহনগুলোর মধ্যে অল্পসংখ্যক কিছু হয়তো নষ্ট হয়ে পড়ে আছে। এই সংখ্যা খুবই কম। বাকি যানবাহনগুলো কোনো ফিটনেস সনদ না নিয়েই সড়কে চলাচল করছে।
যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সড়কে প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটছে, তার বেশির ভাগই ঘটে যানবাহনগুলোর ফিটনেস না থাকার কারণে। ফিটনেসবিহীন যানবাহন দুর্ঘটনায় পড়লে জানমালের ক্ষয়ক্ষতিও বেশি হয়। রাজশাহীর সড়কে যে যানবাহনগুলো চলাচল করছে, তা দেখলেই বোঝা যায় অনেক পুরোনো। এ ছাড়া ঢাকা থেকে নিবন্ধিত অনেক যানবাহন রাজশাহীর আন্তজেলা সড়কগুলোতে চলাচল করছে। যেগুলোর ফিটনেস সনদ নেই। তারপরও এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
বিআরটিএ রাজশাহী সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সাইদুর রহমান বলেন, ‘এক-তৃতীয়াংশ যানবাহনের লাইসেন্স নেই। আমরা নিয়মিতই পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। তখন স্পটে যানবাহনগুলোকে জরিমানা করা হয়। তারপরও ফিটনেস সনদ নেয় না মালিকেরা।’ তিনি বলেন, ফিটনেস নবায়ন না করা হলে জরিমানা দিয়ে সনদ নবায়ন করে নিতে হয়। এবার মার্চ থেকে মে পর্যন্ত সেই জরিমানা মওকুফ করেছে সরকার। ফলে এই তিন মাসে পরিস্থিতি অনেকটা বদলাবে বলে তাঁরা আশা করছেন।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি মুনজুর রহমান বলেন, রাজশাহীর বেশির ভাগ গাড়ির চেসিস কেটে বড় করা হয়েছে। যার কারণে বিআরটিএ ফিটনেস সনদ দিতে রাজি হয় না। এ ছাড়া বাস ব্যবসায় আগের মতো লাভ না হওয়ায় অনেকেই গাড়ির সংখ্যা কমিয়ে দিচ্ছেন। সনদ নিতে আগ্রহ দেখান না।
রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক আবু হেনা মোস্তফা নোমান বলেন, ‘আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। প্রতি মাসে শত শত গাড়ির কাগজপত্র, ফিটনেস না থাকায় মামলা দিচ্ছি, জরিমানা করছি। আমাদের এই কার্যক্রম চলমান আছে। সরকার ফিটনেস সনদ নবায়নে জরিমানা মওকুফ করায় এবার হয়তো যানবাহনগুলো ফিটনেস সনদ নবায়নে আগ্রহ দেখাবে।
সুত্র :প্রথমআলো
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।