রাজশাহীতে হোস্টেলে বিদেশি ছাত্রীর লাশ

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

রাজশাহীতে হোস্টেলে বিদেশি ছাত্রীর লাশ

রাজশাহী বিভাগীয় চীফ :

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা হোস্টেল থেকে রাউথা আথিফ (২০) নামের এক বিদেশি ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে কলেজ হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের জানান, রাউথা আথিফের বাড়ি মালদ্বীপে। তার বাবা মো. আতিফ ও মায়ের নাম আমিনা মহাসিমাত। তিনি এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
ওসি জানান, মহিলা হোস্টেলের দ্বিতীয় তলার ২০৯ নম্বর কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখে দরজা ভেঙে সহপাঠীদের সহযোগিতায় হোস্টেল কর্তৃপক্ষ লাশ নামায়। এসময় চিকিৎসকরা সেখানে প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে লাশ হেফাজতে নেয়।
পুলিশ কর্মকর্তা জানান, রাউথা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে বোঝা ঝাবে আসল ঘটনা, নাকি অন্য কিছু।
হোস্টেলের ইনচার্জ লাইলা আক্তার সাংবাদিকদের বলেন, বিদেশি কোটার ছাত্রী ছিল রাউথা। সাড়ে ১১টার দিকে সহপাঠীরা ডাকতে গিয়ে জানালা দিয়ে ঝুলতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। এসময় দ্রুত দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।
রাউথা ২০১৬ সালের ১৪ জানুয়ারি ওই রুমে ওঠে। ওই ব্লকে শুধু বিদেশি শিক্ষার্থীরাই থাকেন বলে জানান লাইলা আক্তার।

এই সংবাদটি 698 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ