রাজনগরে খেয়াঘাট বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭ গ্রামে সংঘর্ষ

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬

রাজনগরে খেয়াঘাট বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭ গ্রামে সংঘর্ষ

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার খেয়াঘাটবাজারে ৩ মার্চ বৃহস্পতিবার রাতে ৭ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ৩ ঘন্টা স্থায়ী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে এবং বাজারের ১৫ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুট করা হয়। সংঘর্ষ থামাতে রাজনগর থানার পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে।
স্থানীয় সূত্র জানায়, ফতেহপুর ইউনিয়নের ভেড়িগাও গ্রামের হেলাল মিয়া নামে এক রাজমিস্ত্রির বাইসাইকেল একই ইউনিয়নের হামিদপুর গ্রামের সাবুল মিয়ার পুত্র আব্দুস শহিদ বেড়কুড়ি গ্রামের আলী আহমদের গায়ে লাগায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। আব্দুশ শহিদ হেলালকে মারধর করলে বিষয়টি এলাকাভিত্তিক সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষ গ্রামের মসজিদের মাইকে করে লোকজনদের সংঘর্ষে আসার আহ্বান জানায়। পরে একপক্ষে তুলাপুর, বেড়িগাও, সাদাপুর, সোয়াবআলী ও অন্যপক্ষে হামিদপুর, বেড়কুড়ি ও শাহাপুর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষে বাজারের অন্তত ১৫টি দোকানপাট ভাংচুর-লুট ও পথচারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। এ ঘটনায় আহতরা হলেন-হাবিবুর, রতন, লায়েক, জাহাঙ্গীর, পাখি মিয়া, ছালেহ, হেলাল, মোর্শেদ, সিপন, রিপন, সুজন, হেলাল, লিটন, লিলু, হুছন, চায়না, জমসেদ, ইদ্রিছ, মুরাদ ও ইসলাম। আহতদের মধ্যে ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাসেদ বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরিস্থিতি শামাল দিতে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করছেন স্থানীয়রা। এব্যাপারে এখনো মামলা হয়নি। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সংবাদটি 633 বার পঠিত হয়েছে