যুদ্ধাপরাধ: মৌলভীবাজারের ৫ জনের অভিযোগ গঠন ২ নভেম্বর

প্রকাশিত: ৫:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬

যুদ্ধাপরাধ: মৌলভীবাজারের ৫ জনের অভিযোগ গঠন ২ নভেম্বর

বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার শুনানির এই দিন ঠিক করে দেয়।

এ মামলার আসামিরা হলেন- সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী, ইউনুছ আহমদ, ওজায়ের আহমদ চৌধুরী এবং মোবারক মিয়া।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ এবং আটকে রেখে নির্যাতনের পাঁচ অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

আসামিদের মধ‌্যে ওজায়ের ও ইউনুছ কারাগারে রয়েছেন; বাকিরা পলাতক।

এ মামলায় প্রসিকিউশনের কৌঁসুলি আবুল কালাম বলেন, “এই আসামিদের বিরুদ্ধে ৫ অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এরপর পলাতক তিন আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে সেই বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়েছে। এরপর আদালত চার্জ হিয়ারিংয়ের জন্য ২ নভেম্বর দিন রেখেছে।”

২০১৪ সালের ১২ অক্টোবর এই পাঁচ আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত সংস্থা। তদন্ত শেষে গত জানুয়ারিতে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা পড়ে।

এরই মধ্যে গত বছর ১৩ অক্টোবর প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেদিন বিকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার গয়াসপুর গ্রাম থেকে ওজায়ের (৬০) এবং শহরের চৌমোহনা থেকে ইউনুছ আহমদকে (৭০) গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিদের মধ্যে সামছুল হোসেন তরফদার একাত্তরে আল-বদর বাহিনীর এবং নেছার আলী রাজাকার বাহিনীর স্থানীয় কমান্ডার ছিলেন। বাকি তিনজন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন যুদ্ধাপরাধে লিপ্ত হন।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে

এই সংবাদটি 637 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ