মোবাইল কোম্পানি থেকে এসেছে ২৪ হাজার কোটি টাকা রাজস্ব

প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৭

মোবাইল কোম্পানি থেকে এসেছে ২৪ হাজার কোটি টাকা রাজস্ব

রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী জানান, সব চেয়ে বেশি রাজস্ব এসেছে গ্রামীণ ফোন থেকে। গ্রামীণ ফোন থেকে সরকারের আয় হয়েছে ১১ হাজার ৩৬০ কোটি ৪৮ লাখ।

সব থেকে কম রাজস্ব এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক থেকে। টেলিটক থেকে সরকারের আয় ৪৬০ কোটি ৯৮ লাখ টাকা।

এছাড়া রবি আজিয়াটা থেকে পাঁচ হাজার ২৭৩ কোটি ৭৩ লাখ, বাংলালিংক থেকে পাঁচ হাজার ২০৮ কোটি তিন লাখ, এয়ারটেল থেকে এক হাজার ৫৯৫ কোটি ৬৯ লাখ ও সিটিসেল থেকে ৬৯৭ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব এসেছে।

চলতি ২০১৬-১৭ অর্থ বছরে মোবাইল কোম্পানিগুলোর রাজস্ব লক্ষ্যমাত্রা এক হাজার ৫৮২ কোটি ৮৯ লাখ টাকা বলে প্রতিমন্ত্রী জানান।

আরেক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “প্রযুক্তিগত উৎকর্ষ এবং সরকারের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী এবং ৯৭ শতাংশ ভৌগলিক এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বিস্তার করেছে। বর্তমানে দেশে প্রায় ১২ কোটি ৮৩ লাখ সক্রিয় মোবাইল গ্রাহক রয়েছে যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ।”

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের মোট ৪৬ জেলার চার হাজার ৫২৪টি ইউনিয়ন মোবাইল অপারেটরের নেটওয়ার্কের আওতাধীন রয়েছে। তবে পার্বত্য অঞ্চল ও দ্বীপসহ দেশের যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই সেখানে ইনফ্রাস্টাকচার শেয়ারিং গাইডলাইনের অপারেটরদের টাওয়ার শেয়ার করে নেটওয়ার্ক বিস্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তারানা হালিম জানান, জানুয়ারি ২০১৭ পর্যন্ত ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছয় কোটি ৬৭ লাখ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক প্রশ্নে জানান, ব্যাংকিং চ্যানেলে গত ২০১৫-১৬ অর্থবছরে তার পূর্ববর্তী বছরের তুলনায় দুই হাজার ১৩৬ কোটি টাকা রেমিটেন্স কম এসেছে। ওই অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে ১ লাখ ১৬ হাজার ৮৫৭ কোটি টাকা।

বিকাল পৌনে ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

এই সংবাদটি 1107 বার পঠিত হয়েছে