মালয়েশিয়ায় সৌদি বাদশাকে হত্যার ষড়যন্ত্র?

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭

মালয়েশিয়ায় সৌদি বাদশাকে হত্যার ষড়যন্ত্র?

মাসজুড়ে বিদেশ সফরের অংশ হিসেবে সৌদি বাদশা সালমান মালয়েশিয়ায় এসেছিলেন ফেব্রুয়ারির ২৬ তারিখ। চার দিন থেকে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায়। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন আরও ২৫ জন সৌদি প্রিন্স।

তিনি চলে যাওয়ার পর মঙ্গলবার মালয়েশিয়ার পুলিশ দাবি করছে সৌদি বাদশাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আগেভাগেই তারা তা বানচাল করে দেয়। খবর বিবিসির।

কথিত এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সন্দেহে ছ’জন বিদেশী নাগরিকসহ সাতজনকে আটক করা হয়েছে। ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে এদের আটক করা হয়। আটককৃতদের চারজনই ইয়েমেনের নাগরিক।

মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, এই চার ইয়েমেনি সৌদি রাজপরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিল। ইয়েমেনে দু’বছর ধরে হুতি বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব। তবে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া ইয়েমেনিরা কোন গ্রুপের তা পরিষ্কার জানা যায়নি।

ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আটক চার ইয়েমেনি হুতি গ্রুপের বলেই মনে করছেন তারা।

তবে অন্য কয়েকটি সূত্র বলেছে, সন্দেহভাজনরা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত। আটক অন্য তিনজন সন্দেহভাজনও একই গোষ্ঠীর কিনা তাও জানা যায়নি। তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে ধরা হয়।

এই সংবাদটি 553 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ