এসএম সুরুজ আলী ॥ মাধবপুরে পিতার পিটুনিতে রাজু নামে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নিহত শিশুর পিতাকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে ঘটে।পুলিশ জানায়, হরিশ্যামা গ্রামের আব্দুল বারেকের শিশুপুত্র রাজু মিয়া (৪) দুষ্টুমি করায় শনিবার বিকেলে তার পিতা আব্দুল বারেক তাকে বেধড়ক মারপিট করেন এবং ঝাড়– দিয়ে মাথায় আঘাত করলে রাজু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে ঢাকায় রেফার করা হয়। সোমবার রাত ১২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সকালে নিহতের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে মাধবপুর থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ শিশুটির বাড়িতে গিয়ে তার বাবা আব্দুল বারেককে গ্রেফতার করেন এবং ঘাতকের ব্যবহৃত ঝাড়–টি উদ্ধার করেন। পরে পুলিশ নিহতের মৃতদেহ হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। নিহত রাজু’র মা সালমা বেগম তার একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে মাধবপুর থানায় গতকাল দুপুরে হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে গতকাল বিকেলে ঘাতক আব্দুল বারেককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন জানান, নিহত শিশু রাজু’র মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার লোকজন পুলিশকে জানিয়েছে গ্রেফতারকৃত বারেক একজন মাদকাসক্ত। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক পিতা আব্দুল বারেক মারধোরের কথা স্বীকার করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, শিশুটির ময়না তদন্তকারী চিকিৎসক, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: দেবাশীষ দাস জানান, শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।

Web Nest Ltd.