ভ্যালেন্সিয়ায় ধাক্কা খেল বার্সা

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫

চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় সর্বশেষ ৭ ম্যাচে হারতে হয়নি বার্সেলোনাকে। কিন্তু স্প্যানিশ লা লিগার ম্যাচে এবার তাদের জয়রথ থামিয়েছে ভ্যালেন্সিয়া। দারুণ ফর্মে থাকা বার্সার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ক্লাবটি। তবে প্রতিপক্ষের মাঠে ড্রয়ে পয়েন্ট হারালেও পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে সমস্যা হয়নি লুইস এনরিকের দলের।

 

এস্তাদিও দ্য মেস্তাল্লায় ম্যাচের শুরু থেকেই নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় একের পর এক আক্রমণ রচনা করে বার্সেলোনা। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি লিওনেল মেসি, নেইমার আর সুয়ারেজরা। ম্যাচের ৬ মিনিটে গোলের প্রথম সুযোগ পেয়ে ব্যর্থ হন বার্সা তারকা নেইমার। এরপর ২৬ মিনিটে খুব সহজ একটি গোলের সুযোগ  নষ্ট করেন দলের সবচেয়ে বড় তারকা মেসি। প্রথমার্ধে কোনো গোল না পাওয়ায় ০-০ ব্যবধানেই বিরতিতে যেতে হয় দুদলকে।

 

বিশ্রাম শেষে মাঠে ফিরে আরও আক্রমনাত্মক হয়ে উঠে বার্সেলোনা। ফলে ওই সময় গোলের দেখা পায় কাতালান ক্লাবটি। ম্যাচের ৫৯ মিনিটে দলকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। মেসির পাস থেকে ডি-বক্সে বল পেয়ে  ভ্যালেন্সিয়া গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান উরুগুয়ের এই তারকা। লা লিগায় এ মৌসুমে এটা তার ১৩তম গোল। এক গোল বেশি নিয়ে এ তালিকায় সবার উপরে আছেন নেইমার।

 

গোল হজমের পর ঘরের মাঠে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ভ্যালেন্সিয়া। ফলে ম্যাচের ৮৬ মিনিটেই সমতায় ফিরতে সক্ষম হয় দলটি। পাকো আলকাসারের সহায়তায় বার্সা গোলরক্ষক ব্রাভোকে পরাস্ত করে ভ্যালেন্সিয়া সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান সান্তি মিনা।

 

১-১ গোলে সমতায় ফেরার পর আর কোনো দলই ব্যবধান বাড়াতে পারেনি। ফলে এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

 

এ ড্রয়ের পর ১৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম অবস্থানে রয়েছে ভ্যালেন্সিয়া।

এই সংবাদটি 1231 বার পঠিত হয়েছে