ভোট কারচুপির অভিযোগে প্রিজাইডিং অফিসার গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯

ভোট কারচুপির অভিযোগে প্রিজাইডিং অফিসার গ্রেফতার

ভীর রাতে ভোট কারচুপির অভিযোগে সিরাজগঞ্জে এক প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার গভীর রাতে ভোট কারচুপির অভিযোগে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যক্ষ আনোয়ার হোসেন, সহকারি প্রিজাইডিং অফিসার বেল্লাল হোসেন ও আব্দুল আলিমকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আবুল হোসেন সাংবাদিকদের জানান, রোববার সকালে ভোট কারচুপির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী দাখিল মাদ্রাসা ও শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কাজিপুর উপজেলার ক্ষুদবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য শামীমসহ ৪ জনকে আটক করে পুলিশ। তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করে ইউপি সদস্যকে ৭ হাজার টাকা ও অপর ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তিনি জানান, অপরদিকে সিরাজগঞ্জ শহরের সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র থেকে জাল ভোট দেয়ার অভিযোগে কমপক্ষে ৯ জনকে আটক করা হয়। এছাড়া জেলার বেলকুচি, রায়গঞ্জ, তাড়াশ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে কমপক্ষে ১১ জনকে আটক করা হয়।

জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আবুল হোসেন জানান, উপজেলাসমূহের বিভিন্ন কেন্দ্র থেকে ভোট কারচুপির অভিযোগে রোববার প্রিজাইডিং অফিসারসহ ২৩ জনকে আটক করা হয়েছে।

এদিকে সিরাজগঞ্জে ৮টি উপজেলা পরিষদ নির্বাচনে দুয়েকটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দিপনা না থাকায় ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

এই সংবাদটি 1056 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ