ঢাকা |
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৫
আঙ্কারার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়া সীমান্তে তুরস্কের রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে এর শাস্তিস্বরূপ তুরস্ককে এ হুমকি দিয়েছেন পুতিন।
বৃহস্পতিবার ক্রেমলিনে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে পুতিন বলেন, গত ২৪ নভেম্বরের ওই ঘটনা রাশিয়া ভুলবে না। ঘটনাটিকে সবসময় মারাত্মক বিশ্বাসঘাতকতা বলেই গণ্য করা হবে।
অবশ্য তুরস্ককে সামরিক শক্তি প্রয়োগের হুমকি-ধামকি দেওয়ার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই বলে জানিয়েছেন পুতিন।
তবে তিনি আরো বলেন, ‘কেউ এমন ভয়ানক যুদ্ধাপরাধ ঘটিয়ে যদি মনে করে থাকে তারা কেবল খাদ্য সরবরাহ বন্ধ হওয়া, নির্মাণকাজ ও অন্যান্য খাতে অবরোধের কয়েকটি পদক্ষেপের সম্মুখীন হয়েই পার পেয়ে যাবে তাহলে খুবই ভুল করবে’।
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে গত মাসে সীমান্ত অঞ্চলে রাশিয়া নির্মিত এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্কের সশস্ত্র বাহিনী। রাশিয়া আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে এবং এ ঘটনার জবাবে তুরস্কের ওপর এরই মধ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আওতায় বন্ধ করা হয়েছে তুর্কি খাদ্য আমদানি।
ভাষণে পুতিন বলেন, তুরস্ক যা করেছে এজন্য তাদেরকে একবার নয়, বহুবার পস্তাতে হবে। তুরস্কের ‘সন্ত্রাসীদেরকে সহযোগিতা করার’ বিষয়টি রাশিয়া গুরুত্বের সঙ্গেই নেবে বলে জানান তিনি।
ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তেল বাণিজ্য রক্ষার জন্যই তুরস্ক রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে পুতিন এর আগে অভিযোগ করেছেন এবং এর প্রমাণও আছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়। তবে তুরস্ক রাশিয়ার অভিযোগকে ‘সোভিয়েত-স্টাইলের প্রচার’ বলে উড়িয়ে দিয়েছে।
বিমান ভূপাতিতের ঘটনার ৯ দিন পরও মস্কো এবং আঙ্কারার মধ্যে উত্তেজনা ও বাকযুদ্ধ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু বৃহস্পতিবারের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে পুতিন যে আক্রমণাত্মক কথা বলেছেন, তাতে দু’দেশের মধ্যে বৈরিতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
বিমান ভূপাতিতের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান ক্ষমা না চাওয়ার কারণে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
গত সপ্তাহে প্যারিসে শুরু হওয়া জলবায়ু সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে এরদোয়ান বৈঠকে বসার চেষ্টা নিয়েও সফল হননি। পুতিন এমনকি তার ফোনকলও ধরেননি।
ওদিকে, বৃহস্পতিবার পুতিন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ শেষ করার পরপরই তার জ্বালানি মন্ত্রী অ্যালেক্সান্ডার নোভাক জানিয়ে দিয়েছেন, রাশিয়া আর তুরস্কের গ্যাসপাইপ লাইন নিয়ে আঙ্কারার সঙ্গে আলোচনা করবে না।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।