বন্যায় ব্যাপক ক্ষতি হলেও মানুষ অনাহারে থাকবে না- গোলাপগঞ্জে জেলা প্রশাসক

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মে ১, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ রাহাত আনোয়ার গোলাপগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দান কালে বলেছেন, আগাম বন্যায় বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি করেছে। বিশেষ করে বোরো ধান আমাদের খাদ্যের চাহিদা পূরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা বোরো প্রধান এলাকায়, ঐসব জেলা গুলোর বোরো ধান আমাদের খাদ্যের বড় চাহিদা পূরন করে আসছে। এবার ঐসব জেলার কৃষক সমাজ সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, হতাশ হওয়ার কারন নেই, সরকার জনগণের পাশে রয়েছে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা গুলোতে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়াতে সুনামগঞ্জে গিয়েছেন। ইতিমধ্যে মাননীয় রাষ্ট্রপতি সুনামগঞ্জসহ বন্যায় উপদ্রুত এলাকা গুলো পরিদর্শন করেছেন। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ন, বন্যায় ব্যাপক ক্ষতি হলেও কোন মানুষ খাদ্যের অভাবে অনাহারে থাকবে না। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে বিত্তবানরা এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। রোববার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুশিয়ারা তীরবর্তী বুুধবারী বাজার ইউনিয়নে বন্যায় ক্ষতিগস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন, শিক্ষামন্ত্রীর বিশেষ সহকারী, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ খায়রুল আমিন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংবাদিক চেরাগ আলী, হারিছ আলীসহ ইউপি সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ ২৩জনকে ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা এবং অতিদরিদ্র ১০ জনকে ৩৮ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

এই সংবাদটি 378 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ