ফলোআপ: পারাবত ট্রেনে অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

ফলোআপ: পারাবত ট্রেনে অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি
৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ
নোয়াপাড়ায় পারাবত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডে ২ কোটি টাকার ক্ষতি
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের অদূরে আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ঘটিত তদন্ত কমিটির প্রধান ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার সকাল ৯টা ৫৪ মিনিটে ঢাকা-সিলেট রেললাইনের আখাউড়া সেকশনের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের অদূরে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই ট্রেনের ৩টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে ১১ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। ফলে আখাউড়া, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলে অনেক ট্রেন আটকা পড়েছিল। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন ও বগি উদ্ধার করার পর রাত ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী হারুন অর রশিদকে প্রধান, যন্ত্র প্রকৌশলী উত্তর চন্দন কান্তি দাস, মোঃ শহিদুল ইসলাম ও রোকনুজ্জামানকে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে রেল মন্ত্রণালয়। তদন্ত কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। রেল মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান- আমরা কাজ শুরু করেছি। অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৩ কার্যদিবসের মধ্যেই তারা প্রতিবেদন দাখিল করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই সংবাদটি 441 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ