পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিশা দেশাই’র বৈঠক :জঙ্গি দমনে পুলিশকে প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৬

পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিশা দেশাই’র বৈঠক :জঙ্গি দমনে পুলিশকে প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
জঙ্গি দমনে পুলিশকে প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক রিপোর্টার : জঙ্গি, সন্ত্রাস ও চরমপন্থী সংগঠন দমনে বাংলাদেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সন্ত্রাস দমনে আবারও দেশটির পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠক করেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বিকেল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

পররাষ্ট্র সচিব বলেন, ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্র সহমর্মিতা প্রকাশ করেছে। সন্ত্রাস দমনে দেশটির পক্ষ থেকে সহযোগিতা করার কথাও বলেছেন নিশা দেশাই। তারা প্রস্তাব দিয়েছে- তা নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষেই বলা যাবে। এজন্য পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে তারা।

এদিকে জাপান ও ইতালির পক্ষ থেকে গুলশান হামলার বিষয়ে যৌথ তদন্ত করার ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র সচিব বলেন, যেকোন দেশই সহযোগিতা করার প্রস্তাব দিতে পারে। বিষয়টি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হবে।

এদিকে মাহমুদ আলির সাথে বৈঠকের বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রিত আনন্দ আজ (গতকাল রোববার) পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক-এর সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বি-পাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয় নিয়ে সাক্ষাৎ করেন। সহকারী পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের জন্য তার সমবেদনা জানান। তিনি বলেন, “আমাদের বাংলাদেশী অংশীদারদের সাথে আমরা শোক ভাগ করে নিয়েছি।”

সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিসওয়াল বাংলাদেশের সন্ত্রাস দমনে সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ সহায়তারও প্রস্তাব দেন। তিনি বলেন, “আমাদের এই দুটি দেশকেই সন্ত্রাসবাদের যে বৈশ্বিক হুমকি মোকাবেলা করতে হচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো।”

গুলশান ও কিশোরগঞ্জে সংঘটিত জঙ্গি হামলার প্রেক্ষাপটে আকস্মিক এই সফরে ঢাকা আসেন মার্কিন এ উচ্চপদস্থ কর্মকর্তা। রোববার সকালে দু’দিনের সফরে ঢাকায় নামেন তিনি। তার সফরটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, দেশটির উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র সচিব এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নিশা দেশাইর সফর নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছিল, এবারের সফরে নিশা দেশাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ত্রাস প্রতিরোধ ও চরমপন্থীদের নির্মূলে বাংলাদেশকে সহায়তা করার প্রস্তাব দিবে যুক্তরাষ্ট্র। এ ছাড়াও ঢাকায় অবস্থানরত দেশি-বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী প্রতিনিধি দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এই সংবাদটি 671 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ