পবিত্র হজ পালনে ইচ্ছুক যাত্রীদের ৬২৮ টাকা প্রিমিয়ামের বিপরীতে প্রায় ১১ লাখ টাকার বীমা সুবিধা দিচ্ছে প্রাইম ইন্স্যুরেন্স

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

আবদুর রহমান: পবিত্র হজ পালনে ইচ্ছুক যাত্রীদের ৬২৮ টাকা প্রিমিয়ামের বিপরীতে প্রায় ১১ লাখ টাকার বীমা সুবিধা দিচ্ছে প্রাইম ইন্স্যুরেন্স। এই পলিসির আওতায় হজ পালনকালে দুর্ঘটনায় মৃত্যু, শারীরিকভাবে আহত, স্থায়ী ও অস্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষতিপূরণ দেয়া হয়। সর্বোচ্চ ৬৫ বছর বয়সী হজযাত্রীরা এই সুবিধা গ্রহণ করতে পারেন। তবে নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে ৮০ বছর পর্যন্ত বয়সী হজযাত্রীরাও এই বীমা পলিসি কিনতে পারেন।

প্রাইম ইন্স্যুরেন্স জানিয়েছে, হজযাত্রীদের জন্য “হজ প্রটেকশন- প্লাটিনাম” ও “হজ প্রটেকশন- গোল্ড” নামে দুই ধরণের বীমা সুবিধা প্রদান করা হয়। প্লাটিনাম পলিসির প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৬২৮ টাকা। এরমধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও স্ট্যাম্প শুল্ক অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া গোল্ড পলিসির প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ভ্যাট ও স্ট্যাম্প শুল্কসহ ৪৯২ টাকা।

প্লাটিনাম পলিসির আওতায় হজ পালনকালে দুর্ঘটনায় মৃত্যু এবং স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষমতার জন্য পূর্ণ বীমা অংক অর্থাৎ ১৩ হাজার ৫০০ মার্কিন ডলার বা ১০ লাখ ৮০ হাজার টাকা (১ ডলার = ৮০ টাকা) ক্ষতিপূরণ প্রদান করা হয়। এক্ষেত্রে দু’টি অথবা একটি চোখ স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারালে ১৩ হাজার ৫০০ মার্কিন ডলার দেয়া হয়। একইভাবে দু’টি হাত বা একটি হাত অথবা দু’টি পা বা একটি পা সম্পূর্ণ ও স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে ১৩ হাজার ৫০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়া হয়।

আর হাত, পা ও চোখ বাদে স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষম হলেও পূর্ণ বীমা অংক প্রদান করা হয়। মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রদান করা হবে ১ হাজার ৫০০ মার্কিন ডলার বা ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া দুর্ঘটনার মেডিকেল খরচ বাবদ প্রত্যেক ক্ষতির জন্য ৫৫ মার্কিন ডলার হিসাবে সর্বোচ্চ ৮০০ মার্কিন ডলার বা ৬৪ হাজার টাকা দেয়া হয়।

অন্যদিকে হজ প্রটেকশন- গোল্ড পলিসির আওতায় হজ পালনকালে দুর্ঘটনায় মৃত্যু এবং স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষমতার জন্য পূর্ণ বীমা অংক অর্থাৎ ৮ হাজার মার্কিন ডলার বা ৬ লাখ ৪০ হাজার টাকা (১ ডলার = ৮০ টাকা) ক্ষতিপূরণ প্রদান করা হয়। এক্ষেত্রে দুই চোখ অথবা একটি চোখ স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারালে ৮ হাজার মার্কিন ডলার দেয়া হয়। দু’টি হাত বা একটি হাত অথবা দু’টি পা বা একটি পা সম্পূর্ণ ও স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে ৮ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়া হয়।

হাত, পা ও চোখ বাদে স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষম হলেও পূর্ণ বীমা অংক বা ৮ হাজার মার্কিন ডলার দেয়া হয়। আর মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য দেয়া হবে ১ হাজার ৫০০ মার্কিন ডলার বা ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া দুর্ঘটনার মেডিকেল খরচ বাবদ প্রত্যেক ক্ষতির জন্য ৫৫ মার্কিন ডলার হিসাবে সর্বোচ্চ ৮০০ মার্কিন ডলার বা ৬৪ হাজার টাকা দেয়া হয়।

প্রাইম ইন্স্যুরেন্সের এই বীমা পলিসির সব ধরণের সুবিধা গ্রহণ করতে পারবে ৬৫ বছর বয়স পর্যন্ত যেকোন হজযাত্রী। তবে অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে ৮০ বছর বয়স পর্যন্ত হজযাত্রীরাও এই সুবিধা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে যাদের বয়স ৬৬ থেকে ৭০ বছরের মধ্যে, তাদের ২০ শতাংশ অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে। আর যাদের বয়স ৭১ থেকে ৭৫ বছরের মধ্যে, তাদের ২৫ শতাংশ অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে। এছাড়া ৭৬ থেকে ৮০ বছর বয়সের হজযাত্রীদের দিতে হবে ৫০ শতাংশ অতিরিক্ত প্রিমিয়াম।

বীমা দাবি পরিশোধের প্রক্রিয়ার বিষয়ে কোম্পানি সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেডিকেল ইমারজেন্সির সঙ্গে জড়িত যেকোন ধরণের দাবির ক্ষেত্রে অবশ্যই অ্যাসিসটেনস সার্ভিস স্পেশাল্টি গ্রুপ (এসএএস) এর কাছে রিপোর্ট করতে হবে। এসময় দুর্ঘটনা জনিত মৃত্যু দাবির ফরম ও মৃত্যু সার্টিফিকেট এসএএস’র কাছে উপস্থাপন করতে হবে।

স্পেশাল্টি গ্রুপের সঙ্গে যোগাযোগের ঠিকানা- ৫-১১ লেভিংটন স্ট্রিট, লন্ডন এসই১ ওএনজেড। টেলিফোন নম্বর: +৪৪ (০) ২০৭ ৯০২ ৭৪০৫, ফ্যাক্স নম্বর: +৪৪ (০) ২০৭ ৯২৮ ৪৭৪৮। এসএএস এর সঙ্গে যোগাযোগ করতে না পারলে বিকল্প হিসেবে প্রাইম ইন্স্যুরেন্সের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোম্পানির ঠিকানা হলো- প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফোন: (+৮৮০-২) ৯৫৬-২৫১২, ফ্যাক্স: ৯৫৬ ৬৯২৩, ই-মেইল: claims@prime-insurance.net ।

তবে হজ বীমার পূর্ণ সুযোগ-সুবিধা পাওয়ার জন্য অবশ্যই প্রস্তাবপত্রে উল্লেখিত শর্তাবলী ভালোভাবে জেনে সেগুলো পালন করা প্রয়োজন। কারণ, কিছু কর্মকাণ্ড আছে যেগুলো বীমা সুবিধা থেকে বঞ্চিত করতে পারে। এক্ষেত্রে যেসব ঝুঁকি এই বীমা পলিসির আওতার বাইরে রয়েছে সেগুলোও খেয়াল রাখতে হবে। সঠিকভাবে বীমা পলিসি ক্রয় এবং দুর্ঘটনার পর নিয়মানুযায়ি দাবির আবেদন করা হলে অবশ্যই তা পরিশোধযোগ্য।

এই সংবাদটি 594 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ