নৈশপ্রহরীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৭

নৈশপ্রহরীকে কুপিয়ে জখম

পাবনার চাটমোহর উপজেলায় গিলবার্ট ডি কস্তা (৬৫) নামে একটি ক্যাথলিক চার্চের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মথুরাপুরে সেন্ট রির্টাস ক্যাথলিক চার্চে এ ঘটনা ঘটে।

গিলবার্ট ডি কস্তা হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের মৃত জোসেফ কস্তার ছেলে।

ঘটনার পর আহত গিলবার্টের দেয়া তথ্যে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। এরা হলেন- লাউতিয়া গ্রামের আব্দুল হকের ছেলে রাজীব হোসেন (১৮), আনজিল হোসেনের ছেলে মুরাদ হোসেন (১৮) ও লাল চাঁদ মিয়ার ছেলে ফরিদ হোসেন।

গিলবার্টের ছোট ভাই বকুল কস্তা জানান, রাতে চার্চে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন গিলবার্ট কস্তা। রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে।

গিলবার্ট তাদের বাধা দেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে চার্চের অন্যরা এসে গিলবার্টকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার এক মেয়েকে উত্ত্যক্ত করে তিন বখাটে। গিলবার্ট এর প্রতিবাদ করেন। এর জের ধরেই তাকে কুপিয়ে জখম করা হয়ে থাকতে পারে।

চাটমোহর থানার ওসি এসএম আহসান হাবীব জানান, আহতের দেয়া তথ্যে রাতেই তিন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সংবাদটি 386 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ