নায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯

নায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খি’ ছিনতাই চেষ্টার মামলায় পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

এছাড়া ময়ূরপঙ্খির পাইলট, কেবিন ক্রু, ঢাকা ও চট্টগ্রাম সিভিল এভিয়েশন কর্মকর্তা, ওই বিমানের যাত্রী এবং অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদেরও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে।

ইতিমধ্যে জব্দ করা হয়েছে উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী মো. পলাশ আহমেদের হাতে থাকা খেলনা পিস্তলসহ বিস্ফোরকসদৃশ কিছু বস্তু। এর আগে জব্দ করা হয় উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খি’।

বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী কথা বলবেন বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ যুগান্তরকে বলেন, ‘ঘটনার পর যেসব আলামত উদ্ধার হয়েছিল, সেগুলো আমরা পেয়েছি।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব আলামত তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। আলামতের মধ্যে আছে একটি খেলনা পিস্তল ও কিছু বিস্ফোরকসদৃশ্য বস্তু।’

এসব আলামত বিমান ছিনতাই চেষ্টাকারী নিহত যুবক মো. পলাশ আহমেদের কাছ থেকে উদ্ধার হয়েছিল। সূত্র জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, চিত্রনায়িকা সিমলার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন পলাশ।

এই সংবাদটি 610 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ