দুবাইয়ে বাংলাদেশী যুবক খুন

প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

দুবাইয়ে বাংলাদেশী যুবক খুন

হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার জহুর আলী (২৮) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুন হয়েছেন।

তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। যত দ্রুত সম্ভব তার লাশ দেশে আনার দাবি জানিয়েছে পরিবার।

নিহতের পরিবার জানিয়েছে, জহুর আলী ১৩ বছর আগে জীবিকার তাগিদে দুবাই যান। সম্প্রতি তিনি বাড়ি ঘুরে গেছেন।

দুবাইয়ের শারজা শহরের একটি কোম্পানিতে তিনি শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসা থেকে তিনি বের হন। এরপর আর ফিরে আসেননি।

তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। শুক্রবার তার মরদেহ বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি নির্জনস্থানে পাওয়া যায় বলে পরিবারকে তার সহকর্মীরা জানায়।

পরে তারা বিষয়টি শারজা পুলিশকে জানালে লাশ উদ্ধার করে শারজা মেডিকেলে নিয়ে যায়।

খবর পেয়ে দুবাইয়ে থাকা জহুর আলীর স্বজনরা সেখানে ছুটে গেলে পুলিশ তাদের মোবাইল ফোন জব্দ করে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জহুর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার তার মৃত্যুর খবর হবিগঞ্জে স্বজনদের কাছে পৌঁছলে তাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহতের বড় ভাই জনাব আলী জানান, জহুর পার্শ্ববর্তী তেঘরিয়া গ্রামের সফিক মিয়ার কন্যা ফাহিমা আক্তারকে বিয়ে করে। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, জহুর আলী দুবাইয়ে মারা গেছে বলে শনিবার তারা জানতে পেরেছেন। তবে তার পরিবারের কেউ এখনও বিষয়টি পুলিশকে জানায়নি।

এই সংবাদটি 722 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ