তালেবানের ‘অন্তর্বর্তীকালীন নেতা’ হাইবাতুল্লাহ!

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫

তালেবানের ‘অন্তর্বর্তীকালীন নেতা’ হাইবাতুল্লাহ!

আফগান তালেবানের শীর্ষনেতা মোল্লা আখতার মানসুর ‘নিহত’ হয়েছেন এবং দলটির অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মৌলভি হাইবাতুল্লাহ আকহুনজাদাকে নির্বাচিত করা হয়েছে। পাকিস্তানি টেলিভিশন ‘চ্যানেল ২৪’ কে উদ্ধৃত করে শুক্রবার চীনা বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে।

হাইবাতুল্লাহ তালেবানের উপপ্রধান এবং দলের সর্বোচ্চ পরিষদ মজলিশে শুরার সদস্য ।

বুধবার পাকিস্তানের কোয়েটায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে মানসুরের সঙ্গে অন্য নেতাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বৈঠকে গোলাগুলি শুরু হলে পাঁচজন নিহত হন। এতে মানসুরসহ বেশ কয়েকজন আহত হন। পরে আফগান ফাস্ট ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র সুলতান ফাইজি এক টুইটার বার্তায় জানান, গোলাগুলিতে আহত মানসুরের মৃত্যু হয়েছে। তবে তিনি কোনো সূত্রের উল্লেখ করেননি। তালেবানের পক্ষ থেকে অবশ্য এ দাবিকে ভিত্তিহীন হিসেবে মন্তব্য করা হয়েছে। তালেবানের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ খবরকে ‘ভিত্তিহীন’ এবং শত্রুপক্ষ ও গোয়েন্দা সংস্থার অপপ্রচার বলে দাবি করেছেন।

২০১৩ সালে তালেবান নেতা মোল্লা ওমর মারা যান। তবে চলতি বছরের জুলাইয়ে তার মৃত্যুর খবর প্রকাশ করে দলটি। এরপরই মোল্লা মানসুরকে দলের সর্বোচ্চ নেতা মনোনীত করে একটি পক্ষ । এ ঘটনায় তালেবানের মধ্যে বিভক্তি দেখা দেয়। দলের উল্লেখযোগ্যসংখ্যক জ্যেষ্ঠ নেতা মনসুরের নেতৃত্ব মানতে অস্বীকৃতি জানাতে শুরু করেন।

এই সংবাদটি 1111 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ