জৈন্তাপুরে ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

জৈন্তাপুরে ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নাইট মিনিবার ফুটবল খেলতে গিয়ে গাছের সাথে আঘাত লেগে ইমন আহমেদ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত ইমন দরবস্ত ইউনিয়নের লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) এলাকার আনছারুল হকের ছেলে এবং আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে অংশ নেন ইমন। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত মাঠের পাশে থাকা গাছের কাটা অংশে তার মুখমণ্ডল ও মাথার স্পর্শকাতর স্থানে আঘাত লাগে।

প্রথমদিকে তিনি স্বাভাবিক থাকলেও বিরতি সময়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং তার কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত তাকে চতুল বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে শুক্রবার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়।

ইমনের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে পুরো জৈন্তাপুরে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা জানাতে থাকেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে তাদের বাড়িতে যান সিলেট সিটির সাবেক মেয়র ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন এবং ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হওয়ার পর ইমনকে দাফন করা হয়েছে।

এই সংবাদটি 111 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ