জুড়ীতে জমে উঠেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারনা

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৬

জুড়ীতে জমে উঠেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারনা

 

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৩১ মার্চ প্রথমবারের মত দলীয় প্রতীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারনা শুরু করেছে প্রার্থীরা। এতে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিযোগীতা করবেন। তাই উপজেলার সর্বত্র উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রার্থীরা প্রথম বারের মত দলীয় প্রতীক পেয়ে খুব খুশি। কয়েকজন আবার দলীয় মনোয়ন না পেয়ে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়েও প্রচারনা চালাচ্ছে আনন্দের সাথে। এসব প্রার্থীরা ভোটে জয়লাভ করতে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। জুড়ী উপজেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভোটারদের সাথে পরিচিত হচ্ছেন, সালাম আদাব ও শুভেচ্ছা জানিয়ে নিজের পক্ষে সমর্থন আদায়ের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, হাট বাজার সহ সর্বত্র প্রার্থীদের যোগ্যতা ও জয় পরাজয় নিয়ে এখন আলোচানা-সমালোচনার ঝড় বয়ে চলেছে। পাশাপাশি ভোটারাও হিসেব নিকেশ করেছেন বিগত দিনের কর্মকান্ড ও নতুন প্রার্থীদের যোগ্যতা বিবেচনা করে তাদের রায় দিতে। জুড়ী উপজেলায় আওয়ামীলীগ-বিএনপি-জাতীয় পাটি ও আওয়ামীলীগ-বিএনপির বিদ্রোহীসহ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তুমুল লড়াই হবে বলে মনে করছেন নির্বাচন যোদ্ধারা। দলীয় প্রতীকে চেয়ারম্যান পদটি পাওয়ার লড়াইয়ে জমে উঠেছে এ নির্বাচন এমনটাই মনে করছেন নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররা। ভোটারদের সাথে আলাপকালে জানা গেছে, এবার প্রার্থীদের বিগত দিনের রাজনৈতিক তৎপরতা, ব্যক্তিগত আচার-আচরণ ও আমলনামার ওপর চুল-চেরা বিশ্লেষণ করেই তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করবেন। কেউ কেউ আবার বলেছেন যে, ইউপি নির্বাচনে দলীয় প্রতীক কে গুরুত্ব না দিয়ে যোগ্য প্রার্থীকেই ভোটদেবেন। চা বাগান শ্রমিক দের সাথে আলাপকালে শ্রমিকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের কে নিয়ে যে যা বলেন আমরা কেউর কেনা ভোটার নই, আমরা আমাদের পচন্দের প্রার্থীকেই ভোট দেব, তা প্রমান পাবেন ভোট গণনার পর।

এই সংবাদটি 358 বার পঠিত হয়েছে