জাফর ইকবালের মাথায় চার আঘাত, হাত-পিঠে ছুরির জখম

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৮

জাফর ইকবালের মাথায় চার আঘাত, হাত-পিঠে ছুরির জখম

শনিবার বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উন্মুক্ত অনুষ্ঠানে হামলার শিকার হন জনপ্রিয় লেখক জাফর ইকবাল।

হামলার পরপরই তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর রাতে তাকে ঢাকায় আনা হচ্ছে।

ওসমানি মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, “উনার মাথায় চারটি আঘাত করা হয়েছে। এগুলো রডের আঘাত বলে মনে হচ্ছে। এছাড়া তার বাঁ হাত ও পিঠে ছুরিকাঘাতের জখম রয়েছে।”

জাফর ইকবালের শরীরে ২৫ থেকে ২৬টি সেলাই পড়েছে বলে জানিয়ে তিনি বলেন, “এখন উনি শঙ্কামুক্ত।”

 সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার বিকালে হামলার পর ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে।

ঢাকায় আনার উদ্দেশে রাত পৌনে ১০টার দিকে ওসমানি মেডিকেল থেকে অ্যাম্বুলেন্সে করে জাফর ইকবালকে সিলেট বিমানবন্দরে নেওয়া হয়েছে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হবে বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

এই সংবাদটি 694 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ