গোলাপগঞ্জ প্রতিনিধি ঃগোলাপগঞ্জে দিন দুপুরে ফিল্মী স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২ টায় উপজেলার পৌর এলাকার গোলাপগঞ্জ- ঢাকাদক্ষিণ সড়কের রাঙাডহর নামক স্থানে দিন দুপুরে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
ছিনকারীরা ২লক্ষ ৭৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুর ২টায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সচিব আব্দুল জব্বার সরকারী ভিজিএফ’র ২লক্ষ ৭৮ হাজার টাকা সোনালী ব্যাংক গোলাপগঞ্জ শাখা থেকে উত্তোলন করে সিএনজি (অটোরিক্সা) যোগে নিজ কর্মস্থল ভাদেশ্বরে ফিরছিলেন। পৌর এলাকার গোলাপগঞ্জ- ঢাকাদক্ষিণ সড়কের রাঙাডহর নামক স্থানে আসা মাত্র পিছন থেকে দু’টি পালসার মোটর সাইকেলে ৪ জন এবং একটি মোটর সাইকেল তার সিএনজি (অটোরিক্সা)’র গতি রোধ করে। সচিব কোন কিছু বুজে উঠার আগেই চাপাতি দিয়ে তার ডান হাতে একটি কূপ দিলে তিনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। ততক্ষণে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পিছনের দিকে পালিয়ে যায়। সচিব জানান তাদের মাথায় কোন ধরণের হেলমেট বা মুখোশ ছিলনা, এর পরও তিনি তাদেরকে চিনতে পারেন নি। ছিনতাইকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মীর মোহাম্মদ আবু নাসের একদল পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জের প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব একত্রিত হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি ছিনতাই মামলা দায়ের করেছেন বলে জানা যায়।