ঢাকা |
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
মোঃ সাব্বির হোসেন,
গলাচিপা প্রতিনিধি।
গলাচিপা-দশমিনায় নির্বাচনী বিজয়ের পর মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর (ভিপি নুর)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) এক বিবৃতিতে তিনি বলেন, “সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য। গতকালের এই বিজয় আমি গলাচিপা-দশমিনাবাসীর তরে উৎসর্গ করলাম। আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের ঋণ কখনো শোধ করতে পারবো না।”
তিনি উল্লেখ করেন, জাতীয় রাজনীতিতে ব্যস্ততার কারণে সবার কাছে সরাসরি পৌঁছাতে না পারলেও জনগণ তাঁকে আস্থা ও বিশ্বাসের প্রতিদান হিসেবে বিজয়ী করেছেন। এই সমর্থন তাঁকে আগামী দিনে আরও দায়িত্বশীল, মানবিক ও ন্যায়পরায়ণ হতে অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।
বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিপি নুর। তিনি বলেন, দলীয় সমর্থন, দিকনির্দেশনা ও সহযোগিতা তাঁর বিজয়ের পথ সুগম করেছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার, জেলা প্রশাসন পটুয়াখালী, গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসন এবং নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি) ও অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন দরবার শরীফের গুরুজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের কর্মী-সমর্থকদের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
নির্বাচনী প্রচারণায় হামলা-মামলা ও নির্যাতনের শিকার সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে ভিপি নুর বলেন, “আপনারা কষ্ট ভুলে যান, অপরাধীদের ক্ষমা করুন—এটাই আপনাদের মহত্ত্বকে বড় করবে। ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে দ্রুত কাজ শুরু করা হবে।”
উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, গলাচিপা-দশমিনায় সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। গরিব, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে উন্নয়নের অগ্রাধিকার তালিকায় রাখা হবে বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “গলাচিপা-দশমিনা হবে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জনপদ। মাদক, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে, জনগণ নির্ভয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।”
স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান, অফিস-আদালত হয়রানিমুক্ত ও জনবান্ধব করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও আস্থা রক্ষায় কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
সবশেষে তিনি নাগরিক সমাজের সহযোগিতা কামনা করে বলেন, জনগণ পাশে থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।