ঢাকা |
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭
মান বজায় রেখে যথাসময়ে সকল উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাজে অবহেলার জন্য দায়ীদের কাউকে ছাড় দেয়া হবে না।
রোববার বিকালে চট্টগ্রামে ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। খবর বাসস’র।
তিনি বলেন, ‘কাজের দায়িত্বপ্রাপ্ত যিনিই হোন মান বজায় রেখে নির্ধারিত সময় অবশ্যই কাজ শেষ করতে হবে… এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।’
শেখ হাসিনা বলেন, ‘যদি কেউ অন্যায় করেন, তিনি যেই হোন না কেন, অপরাধের জন্য তাকে ছাড় দেয়া হবে না।’
এসময় চট্টগ্রাম নগরীর রাস্তাগুলোর দুরাবস্থায় অসন্তোষ প্রকাশ করে তিনি মেয়র এবং সংশ্লিষ্ট অন্যদের এর কারণ খুঁজে বের করতে বলেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
এক্ষেত্রে চট্টগ্রাম নৌ-ঘাঁটি থেকে বোট ক্লাব পর্যন্ত রাস্তার খারাপ অবস্থার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৫ সালে যখন তিনি বন্দর নগরী সফর করেন, তখনও তিনি একই অবস্থা প্রত্যক্ষ করেছিলেন।
তিনি বলেন, ‘সেতু নির্মাণের জন্য রাস্তাটি খনন করা হয়েছিল, কিন্তু সেতুর কাজ এখনও শেষ হয়নি… আমি জানতে চাই, কেন এই অবস্থা।’
শেখ হাসিনা বলেন, এর আগে তিনি তার সামরিক সচিবকে, যিনি নিজে চট্টগ্রামের সন্তান, এ বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী তিনি (সামরিক সচিব) সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে কথা বলেছিলেন।
তিনি বলেন, ‘কর্তৃপক্ষগুলো সামরিক সচিবকে জানিয়েছিল সেতুর কাজ শেষ হবে, কিন্তু এখনও তা শেষ হয়নি।’
প্রধানমন্ত্রী বলেন, জাইকার সহযোগিতায় এলজিইডি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজটি সম্পন্ন করার কথা ছিল।
তিনি বলেন, ‘জাপানি সংস্থাটি কোনো কাজে দেরি করে- আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই… এ বিলম্বের কারণ অবশ্যই খুঁজে বের করতে হবে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আমি জানতে চাই, কার অবহেলায় রাস্তাগুলোর এ খারাপ অবস্থা। যদি সমস্যা থাকে তাহলে সমাধান করতে হবে।’
এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আমি পরবর্তীতে যখন এ নগরীতে আসবো, তখন এ পরিস্থিতি আর দেখতে চাই না।’
এর আগে ফলক উন্মোচনের মাধ্যমে দৈনিক নয় কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।