ঢাকা |
প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য করোনা টিকার শুকনো সংস্করণ তৈরি করেছে রাশিয়া। এটি নিয়মিত সংস্করণের মতো শীতল তাপমাত্রায় রাখতে হবে না। থার্মোকলের বাক্সে ভরেই প্রত্যন্ত অঞ্চলে পাঠানো যাবে। শনিবার রুশ গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফির ফ্রান্স প্রধান অলিভিয়ের বোগিলট বলেছেন, তাদের করোনা টিকার প্রতি ডোজের দাম ১০ ইউরোর নিচে থাকবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় এর দাম হতে পারে এক হাজার টাকার মতো। তিনি বলেন, যদিও এখনও টিকার দাম নির্ধারণ করা হয়নি।
তবে আগামী মাসে আমরা উৎপাদন খরচ হিসাব করব। আশা করছি ওই রকম দামেই বিক্রি করা যাবে।
এদিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আড়াই লাখের বেশি মানুষ। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৭১ লাখ। করোনা কেড়ে নিয়েছে আট লাখ ৮৪ হাজার প্রাণ। ইতালি ও অস্ট্রেলিয়ায় মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
এ সময় বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। মাস্ক না পরলে কফিনে ঢুকিয়ে শাস্তির বিধান চালু করেছে ইন্দোনেশিয়া। খবর রয়টার্স, বিবিসি ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
বাংলাদেশ সময় রোববার রাত ৭টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৭১ লাখ এক হাজার ৪৮৪ জন। মারা গেছেন আট লাখ ৮৪ হাজার ৩২৩ জন। অবস্থা আশঙ্কাজনক ৬০ হাজার ১৬২ জনের। সুস্থ হয়েছেন এক কোটি ৯২ লাখ ১৬ হাজার ২৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৩৫৮, মৃত্যু হয়েছে চার হাজার ৮২২ জনের।
বিশ্ব তালিকায় শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৫ জন। একই সময়ে মারা গেছেন ৭০৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৬৪ লাখ ৩২ হাজার ২৫৩ জন, মারা গেছেন এক লাখ ৯২ হাজার ৮৬০ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১৯৯ জন, মৃত্যু হয়েছে ৬৪৬ জনের। এতে দেশটিতে মোট রোগীর সংখ্যা ৪১ লাখ ২৩ হাজার জন, মৃত্যু হয়েছে এক লাখ ২৬ হাজার ২২৯ জনের। বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯০ হাজার ৬০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
একই সময়ে মারা গেছেন এক হাজার ৪৪ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ৪১ লাখ ২০ হাজার ৮৭৮ জন, মারা গেছেন ৭০ হাজার ৭২০ জন। চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ১০ লাখ ২০ হাজার ৩০৫ জন, মারা গেছেন ১৭ হাজার ৭৫৯ জন।
মাস্ক ব্যবহার না করলে কফিনে ঢুকিয়ে শাস্তি : ইন্দোনেশিয়ায় কেউ যদি মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার না করে তাদের জরিমানা ও শাস্তি দেয়ার নতুন নিয়ম করা হয়েছে। শাস্তি হিসেবে উন্মুক্ত কফিনের ভেতরে এক থেকে ১০০ পর্যন্ত গণনা করতে দেয়া হবে। কমপক্ষে এক মিনিট তাদের অন্যায় কাজ নিয়ে অনুশোচনা করতে বলা হবে।
জাকার্তার এক কর্মকর্তা জানান, করোনায় প্রতিদিন বিশ্বে বহু মানুষের মৃত্যু হচ্ছে। এতেও যদি মানুষ সচেতন না হয় তাহলে বিষয়টা খুবই দুঃখজনক।
ইরানে ৭ মাস পর খুলল স্কুল : করোনায় সংক্রমণের আশঙ্কার মধ্যেই দেশের সব স্কুল খুলে দিয়েছে ইরান। শনিবার সাত মাস পর দেড় কোটি শিক্ষার্থীর জন্য স্কুল খুলে দেয়া হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, সমাজের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ। তবে শিক্ষার্থীদের জোর করে স্কুলে না পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মস্কোর ক্লিনিকগুলোতে ভ্যাকসিনের প্রথম চালান : রাশিয়ার রাজধানী মস্কোর বহির্বিভাগের ২ নম্বর, ২২০ নম্বর ও ৬২ নম্বর ক্লিনিকে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি’র প্রথম চালান পাঠানো হয়েছে। শুক্রবার মস্কোর ডেপুটি মেয়র আনাস্তাসিয়া রাকোভা সাংবাদিকদের জানান, এই ক্লিনিকগুলো প্রায় ৪০ হাজার মানুষের দেহে ১৮০ দিনের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার জন্য প্রস্তুত।
ইতালি ও অস্ট্রেলিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ : স্কুল শিক্ষার্থীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ হয়েছে। শনিবার রাজধানী রোমের কেন্দ্রস্থলে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেয় প্রায় হাজারখানেক মানুষ। এ সময় তারা শিক্ষার্থীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধেও আওয়াজ তোলে।
অস্ট্রেলিয়ায়ও শত শত মানুষ লকডাউনবিরোধী বিক্ষোভ করেছেন। এ সময় কয়েক ডজন মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।