একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী বুবলি

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৬

একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী বুবলি

বিশেষ প্রতিনিধি: ৭ ইউনিয়নে একমাত্র নারী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হলেন কুলাউড়ার নার্গিস আক্তার বুবলি। তার পক্ষে ৯ বছরের পুত্র সন্তান ৩য় শ্রেণির ছাত্র মোঃ তাহমিম মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ মার্চ এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বুবলি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুলাউড়া সদর ইউনিয়ন থেকে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন। তিনি ওই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহানের সহধর্মিনী। পারিবারিক জীবনে তাদের ৪ পুত্র সন্তান রয়েছে। জ্যেষ্ঠ পুত্র ৩য় শ্রেণির ছাত্র মোঃ তাহমিম তার পক্ষে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছে। বুবলি জানান, নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে তার অভিষেক হলো। যদিও তার স্বামী তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হয়েও এবার আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা অধ্যাপক শাহজাহান বলেন, ‘অগণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলের মতামত না নিয়ে আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তবে আমি দলের সিদ্ধান্তে অনড়। আমি আওয়ামী রাজনীতিতে আছি, থাকব। দলের সিদ্ধান্তের বাইরের কোনো কাজে আমি বিশ্বাসী নই। আমার স্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করছেন, এতে আমার কোনো আপত্তি নেই। সচেতন মানুষ হিসেবে আমি নারী স্বাধীনতাকে কোনোভাবেই ছোট করে দেখব না। এই সময়ে নারী নেতৃত্বের খুবই প্রয়োজন। তিনি স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তার কার্যক্রম চালিয়ে যাবেন। আমি এই প্রত্যাশা করছি এবং সবার সহযোগিতা কামনা করি।’

এই সংবাদটি 695 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ