ঈদে ছুটি কাটাতে সুন্দরবন ভ্রমনে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৭

ঈদে ছুটি কাটাতে সুন্দরবন ভ্রমনে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান

ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

পরিবারের সঙ্গে সাতক্ষীরায় ঈদ করছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। সাতক্ষীরা জেলার শ্যামনগরের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার ও সুন্দরবনের কলাগাছিয়া ফরেস্ট স্টেশন ভ্রমণ করলেন বিশ্বের খ্যাতনামা ক্রিকেটার, সাতক্ষীরার কৃতি সন্তান মুস্তাফিজুর রহমান। এবার নিজ বাসায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে ঈদের ৩য় দিন সুন্দরবন ভ্রমনে আসেন মুস্তাফিজুর রহমান।

বুধবার বেলা ১১ টার সময় মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ীর ২ জন কর্মকর্তা, গুগল লোকাল গাইডস সদস্য ও মুস্তাফিজুর রহমান নিজ পরিবারের সকল সদস্যকে সাথে নিয়ে জোয়ারে ইকো ট্যুরিজম এর বোটযোগে সুন্দরবনের গহীনে কলাগাছিয়া ফরেস্ট স্টেশনে যেয়ে প্রকৃতির অপরুপ নিদর্শন সুন্দরবনের দৃশ্য অবলোকন করেন। সেখান থেকে নদীপথে ফিরে এসে সাতক্ষীরা জেলা প্রশাসন ও শ্যামনগর উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত আকাশলীনা ইকো ট্যুরিজম এ পৌঁছান।

আকাশলীনাতে পৌঁছানোর পর জাতীয় অনলাইন বিবার্তা টোয়েন্টিফোর ডট’নেট এর সম্পাদক, আমার এমপি প্রকল্পের প্রতিষ্ঠাতা সদস্য বাণী ইয়াসমিন হাসি, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও তার পরিবারসহ ক্রিকেটার মুস্তাফিজুর সাথে এক মধ্যাহ্ন ভোজে মিলিত হন।

মধ্যাহ্ন ভোজের পর মুস্তাফিজুর রহমান বিশ্রাম নিয়ে যখন নিজ গ্রামে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই হাজারো ভক্তবৃন্দ তাকে ঘিরে ধরেন।
কারও আবদার সেলফি, কারও উইফি, কেউবা আবার অটোগ্রাফ। সকল ভক্তদের ইচ্ছা পূরণ করে, এলাকাবাসীর মন জয় করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেন মুস্তাফিজুর রহমান।

এমনিতেই ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে গ্রামে খুব একটা আসা হয়ে ওঠে না। আইপিএল খেলে ভারত থেকে ফেরার পর কাটার মাস্টার চলে যান আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। এর পর চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো বোলিং করতে না পারার কষ্টটা ভুলে যেতেই মো
মুস্তাফিজ ছুটে এলেন বাবা মার কাছে। তারপর ছুটি কাটাতে সাতক্ষীরার মুস্তাফিজ এখন গ্রামের ছায়া ঢাকা তরুতলে। গ্রামে না এলেই যে তার ভাল লাগে না। বন্ধুদের সাথে আড্ডা না দিলেও তার মন যে ভরে না।

তবে ক্রিকেট নিয়ে কোন কথা বললেন না মুস্তাফিজ। শুধু শুভেচ্ছা বিনিময়, কেমন আছেন ভাল আছি আর হাসির মধ্যে স্বজনদের আপ্যায়ন করেই বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়ে দিচ্ছেন তিনি। সাতক্ষীরা ছেড়ে কবে যাবেন ঢাকায় তাও বলতে পারলেন না কাটার মাস্টার।

এই সংবাদটি 792 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ