ঢাকা |
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৬
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে আধা কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। জৈনা বাজার-কাওরাইদ সড়কের জৈনা বাজার থেকে আবদুল আউয়াল ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তাটি এখন হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সাধারণ মানুষ ছাড়াও দুটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, দুটি মাধ্যমিক বিদ্যালয়, চারটি প্রাইভেট স্কুল ও পাঁচটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে চলাচল করছে।
জৈনা বাজারের দন্ত চিকিৎসকের সহকারী কামরুজ্জামান খোকন বলেন, গত এপ্রিল থেকে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় হাঁটু পরিমাণ পানি জমে থাকে সড়কে। আবদুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার বলেন, বিপদে না পড়লে এ রাস্তা দিয়ে কেউ হাঁটেন না। একই কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ভালো কাপড় পরে বাড়ি থেকে বের হই। কিন্তু কলেজে পৌঁছার আগেই কাপড় ময়লা হয়ে যায়।
নান্দিয়াসাঙ্গুন গ্রামের মৌসুমি ব্যবসায়ী মীর রোকন উদ্দিন প্রায়ই এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। তিনি বলেন, জৈনা বাজারের রাস্তাটুকুর জন্য অটোরিকশার স্ট্যান্ড এখন কলেজের সামনে চলে এসেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে স্ট্যান্ডে যেতে হয় হেঁটে। বাজারের ব্যবসায়ীদের দোকানের বারান্দার ওপর দিয়ে। কোনো রিকশা পানি জমে থাকা কর্দমাক্ত সড়ক দিয়ে যেতে চায় না।
গোলাঘাট এলাকার যাত্রী রাশিদা বেগম জানান, আধা কিলোমিটার পাড়ি দিতে অটো স্ট্যান্ডে পৌঁছতে এক কিলোমিটার এলাকা ঘুরে আসতে হয়েছে। সময় লেগেছে দ্বিগুণেরও বেশি। আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই।
অটোরিকশা চালক আল মামুন ও কামরুজ্জামান বলেন, এক মাস আগেও কাদা পানির ওপর দিয়ে গাড়ি চালিয়েছি। দুই মাসে গাড়ির অধিকাংশ যন্ত্রাংশ পরিবর্তন করতে হয়েছে। গাড়ির ক্ষতি আর করতে চাই না। ভাড়া বাড়িয়েও ক্ষতি পোষাতে পারছি না।
তেলিহাটী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল বাতেন সরকার বলেন, রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের। ইউনিয়ন পরিষদের উন্নয়ন আওতাভুক্ত নয়। উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় রাস্তার বিষয়টি উত্থাপন করেছি। পরে উপজেলার বিভিন্ন অধিদফতর প্রধান ও রাজনৈতিক নেতা সর্বোপরি জনগণের কথা চিন্তা করে ইট বিছিয়ে সাময়িক সংস্কারের কাজ করার প্রক্রিয়া করছি। ঈদের আগে কিছুটা হলেও চলাচল উপযোগী করা হবে।
উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন জানান, আপাতত এ রাস্তা উন্নয়নে কোনো বরাদ্দ নেই। তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছায় রাস্তার চলাচল অনুপযোগী অংশ মেরামত করার প্রতিশ্র“তি দিয়েছেন। ঈদের আগেই এ কাজ সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।
তা ছাড়া দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা রেখে রাস্তার স্থায়ী সংস্কার করতে হবে। এ পদ্ধতি অবলম্বন না করায় এটি দ্রুত সময়ে নষ্ট হয়ে যায়। বরাদ্দ না থাকায় রাস্তাটির সংস্কার কাজে হাত দেয়া যায়নি। বরাদ্দ পেলে স্থায়ী উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।